আনন্দ-শিক্ষার ভাষা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি...চলছে ভাষা প্রতিযোগের উদ্বোধনী পর্ব
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি...চলছে ভাষা প্রতিযোগের উদ্বোধনী পর্ব
উত্তর লেখার আগে প্রশ্ন নিয়ে ভাবনা
উত্তর লেখার আগে প্রশ্ন নিয়ে ভাবনা

ভাষা প্রতিযোগ মানেই ভাষার প্রতি বাড়তি মনোযোগ। পুরো সফর ভাষাময়, বাংলাময়। কিন্তু প্রথম আলোর ভাষা প্রতিযোগের স্লোগান দারুণ উদার ‘মাতৃভাষায় কাঁদি হাসি, সকল ভাষা ভালোবাসি’। সিলেটের ছোট শিক্ষার্থীদের অনুরণন জাগানো ভাষাবিষয়ক প্রশ্নগুলো মাথায় নিয়ে কুমিল্লায় রওনা হই। আমি বিস্মিত যে কী রকম সহজ করে তারিক মনজুর স্যার শিশুদের চিন্তন প্রক্রিয়ার সঙ্গে খাপ খাইয়ে মঞ্চ থেকে যোগাযোগ তৈরি করলেন। শিশুদের ‘লেভেলে’ নেমে উত্তর করা বেশ কঠিন কাজ—এ রকম ভাবতে ভাবতে কুমিল্লায় পৌঁছে যাই। কুমিল্লা ক্লাবে আমাদের রাতযাপন। এ কথা সুবিদিত যে ভাষা প্রতিযোগ মানে আনন্দ-শিক্ষার যোগ। ফলে বিঘ্নহীন সুব্যবস্থায় আমরা উৎসবস্থলে পৌঁছি। শিক্ষা-দীক্ষা অর্জনের জন্য কুমিল্লা আগে থেকেই গৌরববোধ করে থাকে। ফলে কুমিল্লার শিক্ষার্থীদের কাছে প্রত্যাশাও বেশি ছিল। তাদের বুদ্ধিদীপ্ত প্রশ্নে এর প্রমাণ মেলে। জাতীয় সংগীতে সোনার বাংলাকে প্রথমে ‘তোমায়’ ও পরবর্তী চরণে ‘তোর’ কেন—এমন প্রশ্ন কেবল শিশুর সারল্যমাখা জিজ্ঞাসা নয়, বরং সূক্ষ্মতর বুদ্ধির প্রকাশ। ‘বাংলা বানান সংস্কারে ঈ-কার পরিহার করা হচ্ছে কেন’—এ ধরনের প্রশ্নগুলোর ভেতর শিশুমনের সেসব অস্বস্তি ফুটে ওঠে, যেগুলো আমরা উচ্চতর গবেষণায় গোচরে আনি না। আমার কাছে ভাষা প্রতিযোগের এই প্রক্রিয়া শিশুর ভাষা-চিন্তনবিষয়ক ক্ষেত্র-গবেষণার প্রাক্-অবলোকন হিসেবে কাজ করেছে। এই উদ্যোগের কারণে শিক্ষার্থীদের মনে আঞ্চলিকতা থেকে প্রমিত ভাষার মাধ্যমে জাতীয়তাবোধেরও জন্ম হয়। কুমিল্লার মেধাবী মানুষগুলোর সঙ্গে পুরস্কার পর্ব শেষ করতে দুপুরের খাবারের সময় হয়ে যায়। সফল এক ভাষা প্রতিযোগ পর্ব শেষ। এবার ফেরার পালা। কিন্তু কুমিল্লা ক্লাবের কাছেই রামমালা গ্রন্থাগার। আমি ইচ্ছা প্রকাশ করি, মাহবুবুল হক স্যারের কল্যাণে তীর্থদর্শন। আমরা যখন রওনা হই, আকাশে তখন শেষ বিকেলের সূর্য।
বাংলা বিশ্বের চতুর্থ ব্যবহূত ভাষা। অথচ বৈশ্বিক প্রেক্ষাপটে এর বিস্তার নেই। ভাষা প্রতিযোগ দেশের শিক্ষার্থীদের নিজের ভাষার মর্যাদা অনুধাবন করতে সাহায্য করছে—এই অনুভূতি সঙ্গে করেই ফিরছি। সেই সঙ্গে তুষার, শুভর সঙ্গে দারুণ স্মৃতি। সঙ্গে অবশ্যই সাতকড়ার আচার ও কুমিল্লার রসমালাই নিতে ভুল হলো না।
 মামুন-অর-রশীদ
শিক্ষক, বাংলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়