আনন্দ স্কুলের নামে লুটপাট
রংপুরের তারাগঞ্জে বেশির ভাগ আনন্দ স্কুলে শিক্ষার্থী নেই। ভুয়া শিক্ষার্থী দেখিয়ে এসব স্কুলের নামে বরাদ্দ করা টাকা উত্তোলন করে লুটপাট করা হচ্ছে। শিক্ষক, পরিচালনা কমিটি, তদারককারী সংস্থা (এনজিও) ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এ লুটপাটে জড়িত। প্রথম আলোর অনুসন্ধানে এমন চিত্র পাওয়া গেছে।শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রস্ক প্রকল্পের আওতায় ২০১১ সালের জানুয়ারি থেকে উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদে চারটি বেসরকারি সংস্থার (এনজিও) অধীনে ২২১টি আনন্দ স্কুল চালু হয়। এনজিওগুলো হচ্ছে: গণকল্যাণ সংস্থা, গরিব উন্নয়ন সংস্থা, অগ্রযাত্রা সমাজ উন্নয়ন সংস্থা ও এসআরডিএস সংস্থা।খোঁজ নিয়ে জানা গেছে, আশপাশের প্রাথমিক বিদ্যালয় ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নাম দিয়ে আনন্দ স্কুলের শিক্ষার্থীর তালিকা তৈরি করা হয়। কেউ পরিদর্শনে গেলে ওই শিক্ষার্থীদের আনন্দ স্কুলে এনে দেখানো হয়। কমপক্ষে ২৫ জন শিক্ষার্থী থাকার কথা থাকলেও বেশির ভাগ স্কুলই এখন পাঁচ-সাতজন শিক্ষার্থী নিয়ে চলছে। কোনোটিতে আবার তালা ঝুলছে। স্কুলগুলো নিয়মিত পরিদর্শন করার কথা থাকলেও তা হয় না।প্রতি ছয় মাস পর পর এ প্রকল্পের জন্য টাকা আসে। গত বছরের প্রথম ছয় মাসের জন্য ৮৭ লাখ ও শেষ ছয় মাসের ৪৬ লাখ ১৯ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। এই টাকা ১১ সদস্যের কমিটির সাতজনের স্বাক্ষরে ওঠানো যায়। এর মধ্যে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষর অবশ্যই থাকতে হয়।৫ জুন লক্ষ্মীপুর মণ্ডলপাড়া, লক্ষ্মীপুর শাহপাড়া, কিসামত মেনানগর মুন্সিপাড়া আনন্দ স্কুলে গিয়ে চার-পাঁচজন করে শিক্ষার্থী পাওয়া গেছে। অথচ ওই তিনটি স্কুলে ৩৫ জন করে শিক্ষার্থী দেখিয়ে টাকা উঠানো হচ্ছে। কিসামত মেনানগর মুন্সিপাড়া স্কুলে শিক্ষক আনজুমান বেগম বলেন, ‘ভাই, আমি কী করব? গ্রামের ছেলেমেয়েরা স্কুলে আসতে চায় না। যে চারজন দেখছেন, তাদের বাড়ি থেকে ধরে আনতে হয়েছে।’লক্ষ্মীপুর মণ্ডলপাড়া স্কুলের শিক্ষক কামরুন্নাহার জানান, স্কুলে ৩৫ জন শিক্ষার্থীই আছে। কিন্তু সবাই স্কুলে আসে না। প্রতিদিন ৮-১০ জন করে আসে।নুনাতিপাড়া-২ স্কুলে গিয়ে তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে। ওই স্কুলের সভাপতি নরেমা বেগম অভিযোগ করেন, ‘স্কুলে কোনো শিক্ষার্থী নেই। অথচ শিক্ষক ও এনজিওর লোক মিলে আমার ভুয়া স্বাক্ষর দিয়ে টাকা আত্মসাৎ করছে।’ তবে শিক্ষক সুমিতা খাতুন মুঠোফোনে জানান, সভাপতির অভিযোগ ঠিক নয়, অসুস্থতার কারণে ১৫ দিন স্কুল বন্ধ রাখা হয়েছে।৫ ও ৬ জুন জুমঞ্চাপাড়া, রংধনু, ডাংগীরহাট সরকারপাড়া, কাচারীপাড়া, কাচারীপাড়া-১, কাচারীপাড়া-২, চাপড়ারপাড়-১, হাড়িয়ারকুঠি নদীরপাড়, উজিয়াল, শান্তিপাড়া, ফকিরপাড়া, পাতাইপাড়া, সয়ারবালাপাড়া, বারাপুর চরকডাঙ্গা, বুড়ীরহাট পঞ্চায়েতপাড়া, চিলাপাক পঞ্চায়েতপাড়া, ছোটদোলাপাড়া জবা, বুড়ীরহাট মণ্ডলপাড়া, ফরিদাবাদ সরকারপাড়া, সয়ার ফকিরপাড়া ও ছোটদোলাপাড়া আনন্দ স্কুলে সকাল সাড়ে নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘুরে তালাবদ্ধ পাওয়া গেছে। অথচ এসব স্কুলের প্রতিটিতে ৩৫ জন করে শিক্ষার্থীর নামে টাকা উত্তোলন করা হচ্ছে।মুন্সিপাড়া গ্রামের গৃহবধূ হামিজা খাতুন বলেন, ‘আনন্দ স্কুলে কোনো লেখাপড়া হয় না। ছাওয়া ছোটর নামে সরকার যে ৫০ টাকা করি মাসে মাসে বৃত্তি দেয়, তারও ভাগই শিক্ষকেরা বিভিন্ন লোকদের খুশি করার কথা কয়া নেয়।’ তারাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাহেদুল ইসলাম বলেন, ‘কয়েক দিন আগে উপজেলার কয়েকটি আনন্দ স্কুল পরিদর্শন করেছি, কিন্তু চার-পাঁচজনের বেশি শিক্ষার্থী পাইনি।’উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সুধিব চন্দ্র জানান, কয়েকটি আনন্দ স্কুল পরিদর্শন করে তেমন শিক্ষার্থী পাওয়া যায়নি। এসব স্কুলের শিক্ষককে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।গরিব উন্নয়ন সংস্থার মাঠকর্মী রাশেদুল ইসলাম বলেন, ‘আমার সংস্থার অধীনে যে ৫০টি স্কুল রয়েছে, তার মধ্যে ৩০টি মোটামুটি চলছে। ২০টির একটু সমস্যা রয়েছে।’ এসআরডিএস সংস্থার নির্বাহী পরিচালক মোতাব্বের হোসেন মুঠোফোনে বলেন, ‘ভাই, আমি ঢাকায়, সাক্ষাতে কথা বলব।’ অগ্রযাত্রা সমাজ উন্নয়ন সংস্থার প্রতিনিধি ফজলুল হক ফিরোজ জানান, শিক্ষকদের গাফিলতির কারণে কয়েকটি স্কুলে সমস্যার সৃষ্টি হয়েছে। গণকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মেহেদী হাসান দাবি করে বলেন, ‘আমার অধীনে থাকা স্কুলগুলো ভালোই চলছে।’এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রনিতা ইসলাম জানান, শুধু তারাগঞ্জ নয়, সারা দেশে আনন্দ স্কুলগুলোর চিত্র একই। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রতিবেদন পাঠানো হয়েছে।