আনন্দ স্কুলের নামে হরিলুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাঘা উপজেলায় পাঁচ বছর ধরে আনন্দ স্কুলের নামে বরাদ্দ সরকারি টাকা লুটপাট চলছে। তদারককারী বেসরকারি সংস্থা (এনজিও) শিক্ষক ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের লোকজন টাকা হরিলুটে জড়িত বলে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ‘রিচিং আউট অব স্কুল চিলড্রেন’ প্রকল্পের আওতায় ২০০৫ সালের জানুয়ারি থেকে বাঘায় তিনটি এনজিওর অধীনে ১৫০টি আনন্দ স্কুল চালু হয়। এনজিওগুলো হচ্ছে: সোনালী সংঘ, শেফা ও শাহী। বর্তমানে কাগজ-কলমে ১৪১টি স্কুল রয়েছে। অভিযোগ পাওয়া গেছে, আশপাশের প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের নাম দিয়ে আনন্দ স্কুলের শিক্ষার্থীদের তালিকা তৈরি করা হয়। প্রথম অবস্থায় কেউ পরিদর্শনে গেলে ওই শিক্ষার্থীদের আনন্দ স্কুলে এনে দেখানো হতো। স্কুলগুলোর মধ্যে দুই-চারটি ছাড়া কোনোটি তিনজন, কোনোটি পাঁচজন শিক্ষার্থী নিয়ে চলছে। সংশ্লিষ্ট এনজিওর পক্ষ থেকে স্কুলগুলো পরিদর্শন করার জন্য দুজন করে তদারককারী থাকার কথা থাকলেও যথাযথ তদারকি হয় না। নিয়ম অনুযায়ী প্রতিটি স্কুলে কমপক্ষে ২৫ জন শিক্ষার্থী থাকার কথা। প্রতি ছয় মাস পর পর এই প্রকল্পের জন্য টাকা আসে। এ বছর প্রথম ছয় মাসের জন্য ৫১ লাখ টাকা পাওয়া গেছে। এই টাকা ১১ সদস্যের কমিটির সাতজনের স্বাক্ষরে উঠানো যায়। তার মধ্যে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষর অবশ্যই থাকতে হয়। এই স্কুলগুলো সকাল সাড়ে আটটা থেকে ১২ পর্যন্ত খোলা থাকার কথা। গত মঙ্গলবার সরেজমিনে চক আমোদপুর ও গাওপাড়া স্কুলে গিয়ে চারজন করে শিক্ষার্থী পাওয়া গেছে। অথচ গাওপাড়ায় ২৬ জন এবং চক আমোদপুর স্কুলে ২৫ জন শিক্ষার্থী দেখিয়ে টাকা উঠানো হচ্ছে। সকাল সাড়ে আটটায় মিলিক বাঘা স্কুলে গিয়ে তা তালাবদ্ধ দেখা গেছে। এই স্কুলের ২১ জন শিক্ষার্থী দেখিয়ে টাকা তোলা হচ্ছে। গাওপাড়ার স্কুলের শিক্ষক শারমিন সুলতানা দাবি করেন, তাঁর স্কুলে ১২ জন শিক্ষার্থী রয়েছে। আজ (মঙ্গলবার) সবাই আসেনি। চক আমোদপুর স্কুলের শিক্ষক আবুল কালাম দাবি করেন, তাঁর আরও শিক্ষার্থী আছে। আজই কম এসেছে। নারায়ণপুর স্কুলটিও বন্ধ পাওয়া গেছে। যোগাযোগ করা হলে স্কুলের শিক্ষিকা রিপা পান্ডে দাবি করেন, তাঁর স্কুলে ১০ জন শিক্ষার্থী আছে। তিনি প্রশিক্ষণে যাবেন বলে স্কুল বন্ধ রেখেছেন। চক ছাতারী স্কুলে গিয়ে সর্বোচ্চ ১০ জন শিক্ষার্থী পাওয়া গেছে। অথচ এই স্কুলের ২৮ জন শিক্ষার্থী দেখিয়ে টাকা তোলা হচ্ছে। ছয় মাসে শিক্ষার্থী প্রতি এক হাজার ৪৮৮ টাকা বরাদ্দ দেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক জানান, বেতন থেকে শিক্ষা অফিস ‘ম্যানেজ’ করার নামে এনজিওর প্রতিনিধি এবং ব্যাংকের কর্মচারীদের টাকা দিতে হয়। সোনালী সংঘের পরিচালক আসলাম হোসেন বলেন, তাঁর অধীনে থাকা ২৩টি স্কুল ভালো চলে। তাঁর স্কুলের শিক্ষকদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হয় না। শাহী সংস্থার প্রতিনিধি নান্নু শিক্ষকদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, কয়েকটি স্কুলে শিক্ষার্থী ছিল না। নতুন শিক্ষা কর্মকর্তা এসে সেগুলো বন্ধ করে দেওয়ার জন্য তালিকা করেছেন। বেসরকারি সংস্থা শেফার প্রতিনিধি ফজলুর রহমান স্কুলগুলো কেমন চলে সেদিকে দৃষ্টি না দিয়ে এখানে যে অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে—এ বিষয়টিকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম বাঘায় এই প্রকল্পে সরকারি অর্থের অপচয়ের কথা স্বীকার করেন বলেন, তিনি দুই মাস আগে এখানে যোগদান করেছেন। মাঠ পর্যায়ে স্কুলগুলো দেখে তিনিও পর্যাপ্ত ছাত্রছাত্রী পাননি। এ কারণে জুলাই থেকে তিনি চাহিদাপত্রে শিক্ষার্থীর সংখ্যা দুই হাজার ৮০০ থেকে কমিয়ে এক হাজার ২০০ করে দিয়েছেন।