আনন্দঘন আয়োজনে বই পড়ার পুরস্কার
রীতিমতো আনন্দযজ্ঞ। রমনার বটমূলে গতকাল শুক্রবার সকালের পরিবেশটাই ছিল প্রাণপ্রাচুর্যে ভরা নবীনদের উচ্ছ্বাসে মুখরিত। বই পড়ে পুরস্কার পাওয়ার আনন্দে মেতে উঠেছিল তারা। আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে ২৭ বছর ধরে বিশ্বসাহিত্য কেন্দ্র সরা দেশের স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার প্রতিযোগিতা চালিয়ে আসছে। ২০১০ সালের প্রতিযোগিতার দুই দিনব্যাপী পুরস্কার বিতরণী শুরু হলো এই দিন।গত বছর ঢাকা মহানগরের ১০০ স্কুল-কলেজের ৩০ হাজার শিক্ষার্থী বই পড়া প্রতিযোগিতায় অংশ নেয়। তাদের মধ্যে কৃতিত্ব অর্জন করে পাঁচ হাজার ১৮১ জন। দুই দিনে তাদের পুরস্কৃত করা হচ্ছে। আয়োজকেরা জানালেন, এখন সরা দেশের দুই হাজার ৮০০ স্কুল-কলেজের প্রায় আড়াই লাখ শিক্ষার্থী বই পড়া প্রতিযোগিতা কর্মসূচির সদস্য।শীতের সকালে রমনার বটমূলে বেলুন ও পায়রা উড়িয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি আবদুল্লাহ আবু সায়ীদ। শিক্ষার্থীদের উৎসাহিত করে তিনি বলেন, ‘তোমাদের চিত্তের বিকাশ ও নৈতিক চরিত্র গঠনে সুন্দর ও রুচিস্নিগ্ধ বই পড়া খুবই প্রয়োজন। তাহলেই তোমরা একদিন সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য নিজেকে যোগ্য করে গড়ে তুলতে পারবে।’গতকাল সকালে প্রথম পর্বে মাহনগরের ২০টি স্কুলের এক হাজার ৬৮৮ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জামিলুর রেজা চৌধুরী তাদের নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত পাঠ্যাভ্যাস গড়ে তুলতে শিক্ষা মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা করবে। জনপ্রিয় লেখক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি বেশি করে নানা ধরনের সৃজনশীল বই পড়তে উৎসাহিত করেন। প্রথম আলোর উপসম্পাদক কথাশিল্পী আনিসুল হক জ্ঞানের আলোর মশাল জ্বালিয়ে অন্ধকার দূর করার আহ্বান জানান। বিকেলে দ্বিতীয় পর্বে মহানগরের আরও ২০টি স্কুলের এক হাজার ৫০৯ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এ পর্বে পুরস্কার বিতরণ করেন শিল্পী মুস্তাফা মনোয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমিনুল ইসলাম, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য ও শিশুসাহিত্যিক আলী ইমাম। বিশ্বসাহিত্য কেন্দ্রের দেশব্যাপী এই আয়োজনে সহযোগিতা করেছে প্রথম আলো এবং আর্থিক সহায়তা দিয়েছে গ্রামীণফোন।