
নভেম্বরের প্রথম দিকে ঢাকায় তেমন শীত পড়ে না। গরমের তীব্রতা খানিকটা কমে। ফলে সন্ধ্যাটি হয়ে ওঠে কবোষ্ণ। সেই সন্ধ্যা কাল মনোরম ও উপভোগ্য হয়ে উঠেছিল প্রথম আলোর ১৮ বছর পূর্তির প্রীতিসম্মিলনীতে। গত কয়েক বছরের মতো এবারের আয়োজনটিও ছিল প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ওয়েসিস চত্বরে।
প্রথম আলোর ১৮ বছর পূর্তির উৎসব উদ্যাপিত হচ্ছে তারুণ্যকে মূল ভাবনা করে। কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা ‘আঠারো বছর’ উৎসবের প্রতিপাদ্য। প্রীতিসম্মিলনী কেন্দ্রের সাজসজ্জাতেও ছিল তার প্রকাশ। যেসব তরুণ মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা থেকে শুরু করে স্বাধিকার, স্বাধীনতা, গণতন্ত্র, অসাম্প্রদায়িক চেতনা এবং সকল জাতপাতের ঊর্ধ্বে উঠে আত্মদান করে দেশ ও জাতিকে গৌরবান্বিত করে মৃত্যুঞ্জয়ী হয়ে আছেন, তাঁদের প্রতিকৃতি দিয়ে সাজানো হয়েছিল কেন্দ্র। তাঁদের মধ্যে ছিলেন প্রীতিলতা, সালাম, বরকত, আসাদ, মতিউর, রাউফুন বসুনিয়া থেকে শুরু করে গত ১ জুলাই হলি আর্টিজানে বন্ধুত্বের জন্য আত্মদানকারী ফারাজ আইয়াজ হোসেন পর্যন্ত। ফলে দেশ-বিদেশের আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানকেন্দ্রে আসার পথেই পেয়েছেন ইতিহাসের পাতায় তারুণ্যের গৌরবগাথার পরিচিতির এক ঝলক।
প্রথম আলোর বর্ষপূর্তির এই আয়োজনে বরাবরই চোখধাঁধানো জাঁকজমকের ঘটা থাকে না। আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিই অনুষ্ঠানকে বর্ণাঢ্য করে তোলে। এবারও তা-ই হয়েছে। মন্ত্রী, রাজনীতিক, সাংসদ, রাষ্ট্রদূত, পদস্থ সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, ব্যবসায়ী, আইনজীবী, সাংবাদিক, নারীনেত্রী, ক্রীড়াবিদ, সাংস্কৃতিক জগতের তারকাসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিত্বশীল ব্যক্তিত্বরা এসেছিলেন এই আয়োজনে। সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক অতিথিদের সাদর সম্ভাষণ জানিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। তারপর উৎসবের প্রতিপাদ্য নিয়ে গান। শিল্পী বাপ্পা মজুমদার সুকান্তের কবিতাটিতে সুরারোপ করেছেন। তিনি গানটি গেয়ে শোনালেন সহশিল্পী পারভেজ এলিটা ও কনাকে নিয়ে।
এরপরে আলোচনার পর্ব। ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক লতিফুর রহমান প্রথম আলোর আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে অংশ নেওয়ায় সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ১৮ বছর বয়স তারুণ্যের প্রতীক। এ বয়সে মানুষ ভোটাধিকার লাভ করে। প্রথম আলো নানা বাধা অতিক্রম করে ১৮ বছর পূর্ণ করল। বাংলাদেশ তরুণদের দেশ। সম্ভাবনার দেশ। তরুণেরা স্বাধীনতার জন্য একাত্তরে আত্মদান করেছে। অতীতে যেমন এই তারুণ্য সকল সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মানবিকতার আদর্শ প্রতিষ্ঠিত করেছে, তেমনি বর্তমানেও আদর্শের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। হলি আর্টিজানে বন্ধুত্বের জন্য তরুণ ফারাজ আইয়াজ হোসেনের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, ‘এ ঘটনা পারিবারিকভাবে আমাদের জন্য বেদনাদায়ক হলেও একই সঙ্গে তা গর্বের। ফারাজের এই আত্মত্যাগের ঘটনা আন্তর্জাতিকভাবে প্রশংসিত ও সম্মানিত হয়েছে। ফারাজের আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশের মানুষের অসাম্প্রদায়িকতা, সহনশীলতা ও মানবিকতার পরিচয় প্রকাশ পেয়েছে। লতিফুর রহমান বলেন, যে মানবিকতা ও মূল্যবোধের কারণে ফারাজ তার বন্ধুদের জন্য আত্মত্যাগ করেছে, সেই একই মূল্যবোধ নিয়ে এগিয়ে যাচ্ছে প্রথম আলো।’
এবার প্রথম আলোর বর্ষপূতির অনুষ্ঠানে সারা বিশ্বের অন্যতম প্রধান সংবাদমাধ্যমগুলোর ২০ জন প্রতিনিধি অংশ নিয়েছেন। তাঁদের নিয়ে মঞ্চে আসেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। অতিথিদের মধ্যে ছিলেন ফিনল্যান্ডের সর্বাধিক প্রচারিত দৈনিক হেলসিঙ্গিন সানোমাট-এর কূটনৈতিক সম্পাদক কারি হুতা। নেপালের সর্বাধিক প্রচারিত দৈনিক কান্তিপুর-এর প্রধান সম্পাদক সুধীর শর্মা। ভারতভিত্তিক সাউথ এশিয়ান উইমেন ইন মিডিয়ার প্রেসিডেন্ট জ্যোতি মালহোত্রা। ভুটানের সবচেয়ে জ্যেষ্ঠ সাংবাদিক ও দেশটির জাতীয় দৈনিক কুয়েন সেল-এর সম্পাদক রিনঝিন ওয়াংচুক। ভারতের আসামের বাংলা সংবাদপত্র দৈনিক সাময়িক প্রসঙ্গ-এর সম্পাদক তৈমুর রাজা চৌধুরী। ভারতের ত্রিপুরার দৈনিক দেশের কথা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক গৌতম দাশ। এশিয়া ও লাতিন আমেরিকায় ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্টের (আইএমএস) কর্মসূচি ব্যবস্থাপক এসবেন কিউ হারবো। অস্ট্রিয়াভিত্তিক ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউটের নির্বাহী বোর্ডের চেয়ারম্যান জন ইয়ারউড। বিবিসি স্কটল্যান্ডের উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলীয় দ্বীপবিষয়ক ব্যবস্থাপনা সম্পাদক স্যান্ডি ব্রেমনার। ভারতের দৈনিক দ্য হিন্দুর সম্পাদক মুকুন্দ পদ্মনাভন। স্লোভেনিয়ার দৈনিক এসএমইতে কর্মরত সাংবাদিক মাতুস কেরাসিমারিক। মেঘালয়ের সবচেয়ে পুরোনো ও বড় ইংরেজি দৈনিক দ্য শিলং টাইমস-এর সম্পাদক প্যাট্রিসিয়া মুখিম। ভুটানের জাতীয় দৈনিক কুয়েনসেল-এর প্রকাশনা বিভাগের সম্পাদক উখ্যিয়ান পেনজর। গার্ডেনস অব দ্য রাইচাস ওয়ার্ল্ডওয়াইডের (গারিও) প্রতিনিধি এমিলিও বারবারানি। বিশ্বের সংবাদপত্র ও সংবাদমাধ্যমের প্রকাশকদের আন্তর্জাতিক সংগঠন দ্য ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব নিউজপেপার্স অ্যান্ড নিউজ পাবলিশার্সের (ওয়ান-ইফরা) দক্ষিণ এশিয়া শাখার ব্যবস্থাপনা পরিচালক মাগদুম মোহামেদ। দৈনিক ভাস্কর-এর গ্রুপ এডিটর প্রকাশ দুবে। ভারতের দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রধান সম্পাদক রাজ কমল ঝা। অ্যাসোসিয়েটেড প্রেস দক্ষিণ এশিয়া সংবাদ পরিচালক বার্নাত আর্মেঙ। ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক বারবারা ত্রিয়োনফি। আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় পাতার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক স্বাতী ভট্টাচার্য।
অতিথিদের মধ্যে জন ইয়ারউড, স্যান্ডি ব্রেমনার, প্যাট্রিসিয়া মুখিম, রাজ কমল ঝা প্রথম আলোকে শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এরপর ছিল অধিনায়ক ও নায়কেরা শীর্ষক তথ্যচিত্রের প্রদর্শনী। তাতে দেখা যাচ্ছে, বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সাক্ষাৎকার নিচ্ছেন প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র। অধিনায়ক বলেন তাঁর নায়কদের কথা। সেই নায়কেরা হলেন সদরঘাটের ঊরু থেকে দুই পা কাটা ফুটবলার আবদুল্লাহ, নিজের বাল্যবিবাহ ঠেকিয়ে পড়ালেখা চালিয়ে যাওয়া ঝালকাঠির শারমিন আক্তার, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুস্থ রোগীদের নিজের অর্থে চিকিৎসা সহায়তাদানকারী সাইফুল ইসলাম এবং এসএ গেমসে স্বর্ণপদকজয়ী মাবিয়া আক্তার সীমান্ত। বিভিন্ন সময় তাঁদের জীবনসংগ্রামের ঘটনা প্রকাশিত হয়েছিল প্রথম আলোয়। সেখান থেকেই মাশরাফি জেনেছেন তাঁর এই নায়কদের কথা। তথ্যচিত্রে এই নায়কদের জীবনসংগ্রামের কিছু দৃশ্য তুলে ধরা হয়। দর্শকদের আবেগাপ্লুত করে তোলে সব প্রতিকূলতা জয় করে এই তরুণদের এগিয়ে যাওয়ার প্রচেষ্টা। পরে মাবিয়া, আবদুল্লাহ ও সাইফুল মঞ্চের সামনে এলে দর্শকেরা বিপুল করতালি দিয়ে তাঁদের অভিনন্দিত করেন।
এরপর মতিউর রহমান মঞ্চে আসেন তাঁর বক্তব্য দিতে। শুরুতেই তিনি প্রথম আলোর পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ীদের অভিনন্দন জানান। তিনি বলেন, ‘সুকান্ত আঠারো বছর কবিতায় যে কথা বলেছেন, আমরা সেইভাবে চলব। আমরা ভয় পাই না, আমরা মাথা উঁচু করে চলব। এ দেশের পাঁচ থেকে সাত কোটি তরুণ। আমরা এই তরুণের শক্তির ওপর আস্থাশীল। আমরা বিশ্বাস করি, মাবিয়া যেমন প্রতিকূলতা জয় করে স্বর্ণপদক এনেছে, আগামী এক-দুই দশকের মধ্যে এই তরুণেরাই পাঁচ-সাত কোটি স্বর্ণপদক জয় করে আনবে। আমাদের একমাত্র লক্ষ্য বাংলাদেশের জয়, জয় এবং জয়।’
আনুষ্ঠানিকতা শেষের ঘোষণা হলো, আমন্ত্রণ জানানো হলো খাবারের জন্য। অতিথিরা খেতে খেতে পরস্পরের সঙ্গে আলাপ-আলোচনায় মগ্ন হয়ে ওঠেন। কিন্তু তারপরও যেন শেষ হয়েও হলো না শেষ। মঞ্চে এলেন প্রথম আলোর দুই তরুণ সাংবাদিক আদর রহমান ও গোলাম মর্তুজা। ডেকে আনলেন তরুণ গাইয়েদের—মিনার, প্রিতম, নওমী, ঐশী ও তৌফিক। তাঁরা গেয়ে শোনালেন আঠারো বছর কবিতার গানটি। তবে এবার অন্য সুরে অন্য আঙ্গিকে। সুরের সঙ্গে রসনার সংযোগে পুরোপুরি জমে গেল সন্ধ্যা।