আনন্দঘন পরিবেশে ঈদুল ফিতর উদ্যাপিত
যথাযোগ্য ধর্মীয় মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা আর আনন্দের মধ্য দিয়ে গত শনিবার দেশে মুসলমানদের অন্যতম প্রধান উৎসব পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হয়েছে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর ঘরে ঘরে বয়ে আনে আনন্দের বার্তা। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঈদের দিন ছিল বৃষ্টিমুখর। তা সত্ত্বেও অগণিত ধর্মপ্রাণ মানুষ জাতীয় ঈদগাহসহ নিজ নিজ এলাকার ঈদগাহ বা মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন। নামাজ শেষে ধনী-গরিব সব ভেদাভেদ ভুলে কোলাকুলির মাধ্যমে বিনিময় করেন ঈদের শুভেচ্ছা। একে অন্যের কল্যাণ কামনা করেন। ধ্বনিত হয় ইসলামের শাশ্বত শান্তি ও সাম্যের বাণী।আগের দিন শুক্রবার সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার পরই ঈদের আনন্দের আবহ শুরু হয়ে যায়। ঈদের দিন সকালে বাড়ির পুরুষ সদস্যরা গোসল করে নতুন পাঞ্জাবি-পাজামা পরে, আতর-সুরমা মেখে ঈদগাহ বা এলাকার মসজিদে ঈদের নামাজ আদায় করতে যান। আর নারীরা ব্যস্ত হয়ে পড়েন রান্নাবান্নায়। নামাজের পর অনেকেই গোরস্তানে গিয়ে মৃত স্বজনদের কবর জিয়ারত করে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন। নগরের বিভিন্ন গোরস্তানে তাই নামাজের পর থেকেই লোকসমাগম ছিল প্রচুর।শিশু-কিশোরেরা নতুন পেশাক পরে সেজেগুজে গুরুজনদের সালাম করে বেরিয়ে পড়ে বেড়াতে। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের বাড়ি গিয়ে সেমাই-জর্দা, পোলাও-কোরমা, ফিরনিসহ নানা ধরনের উপাদেয় খাওয়া-দাওয়ায় রসনাতৃপ্ত করাও ছিল ঈদ আনন্দের অংশ। ঈদের দিন শনিবার ভোরে একপশলা বৃষ্টি হওয়ায় নগরবাসীর অনেকেই বৃষ্টি থেকে রক্ষার প্রস্তুতি নিয়েই বেরিয়েছিলেন। বেশির ভাগ মসজিদ ও ঈদগাহে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছিল।প্রতিবারের মতো এবারও ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়ায়। আর ঢাকা সিটি করপোরেশনের তত্ত্বাবধানে হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহে দেশের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এখানে নামাজ আদায় করতে ভোর থেকেই নগরের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা উপস্থিত হন। সকাল আটটার আগেই জাতীয় ঈদগাহ পূর্ণ হয়ে যায়। মাঠে জায়গা না পেয়ে অনেকে রাস্তায় জায়নামাজ বিছিয়ে বসে পড়েন। একপর্যায়ে মৎস্য ভবনের মোড় হয়ে প্রেসক্লাব ও কদম ফোয়ারার পাশেও মুসল্লিরা নামাজে দাঁড়িয়ে যান।রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, মেয়র, মন্ত্রিপরিষদের সদস্যরা এবং বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা জাতীয় ঈদগাহের প্রধান জামাতে অংশ নেন। নামাজে ইমামতি করেন বায়তুল মোকাররম মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিন।জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ও সারা শহরে ঈদের জামাত: ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম মসজিদে পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) মাঠ, হাজারীবাগের বাংলাদেশ কলেজ অব লেদার টেকনোলজি মাঠসহ রাজধানীর বিভিন্ন মাঠ এবং প্রায় সব মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সকাল সাড়ে নয়টায় জামাত অনুষ্ঠিত হয়। স্পিকার মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ, সংসদের হুইপ আ স ম ফিরোজ ও নূর-ই-আলম চৌধুরী, সাংসদ, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার সাধারণ মানুষ এখানে নামাজ আদায় করেন। সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে রাজধানীর সব জায়গায় নামাজ আদায় হয়ে যায়।নগরের বেশ কিছু এলাকায় ছোটদের জন্য নাগরদোলা, বায়োস্কোপ, লটারিসহ নানা আয়োজন নিয়ে মেলা বসে যায় এই দিনে। এলাকার ছেলেরাই পাড়ার মোড়ে চটপটি, ফুচকা, লাচ্ছির দোকান দিয়ে বেচাবিক্রির পর্ব শুরু করে।পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বঙ্গভবন, গণভবন, সচিবালয়, হাইকোর্টসহ বিভিন্ন সরকারি-বেসরকারি ভবন, হোটেল ও ক্লাবে আলোকসজ্জার আয়োজন করা হয়।ঈদ আনন্দ মিছিল: ‘নগরবাসী সংগঠন’-এর উদ্যোগে প্রতিবছরের মতো এবারও বেলা সাড়ে তিনটায় ঈদ আনন্দ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে পুরান ঢাকার সমস্যাগুলো তুলে ধরা হয়। আবাসিক এলাকা থেকে রাসায়নিক দ্রব্যাদির কারখানা, গুদাম ও দোকান উচ্ছেদেরও দাবি করা হয়।