
দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই গতকাল বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি ও আচার্য মো. আবদুল হামিদ। এবার সমাবর্তনে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, এমফিল ও পিএইচডি ডিিগ্র অর্জনকারী মোট নয় হাজার শিক্ষার্থী অংশ নেন।
সমাবর্তন উপলক্ষে কয়েক দিন ধরেই উৎসবের আমেজ ছিল ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই ক্যাম্পাসে ছিল সাজ সাজ রব। বেলা সাড়ে তিনটার দিকে রাষ্ট্রপতি ও আচার্য মো. আবদুল হামিদ সমাবর্তন শোভাযাত্রাসহ অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সমাবর্তন বক্তা ছিলেন সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন।
এবার সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ভালো ফলাফলের জন্য ১৮ জন শিক্ষার্থী রাষ্ট্রপতির কাছ থেকে স্বর্ণপদক গ্রহণ করেন। এর আগে ২০১০ সালে চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে মো. আবদুল হামিদ দেশের প্রথম নারী উপাচার্য হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে অভিনন্দন জানান। তিনি বলেন, ‘প্রকৃতি থেকে পাওয়া শিক্ষাই বড় শিক্ষা। এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ শিক্ষার্থীদের সেই শিক্ষা গ্রহণের পথ সুগম করেছে। এ ছাড়া এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীদের সমানসংখ্যক হল থাকায় এখানে জেন্ডার বৈষম্য অনেক কম।’ গ্র্যাজুয়েটদের উদ্দেশে তিনি বলেন, ‘সমাবর্তন যেমন তোমাদের সেরা নাগরিক হিসেবে স্বীকৃতি দিচ্ছে, তেমনি তোমাদের ওপর দেশের ভালো করার সবচেয়ে গুরুদায়িত্বও অর্পণ করছে।’
সমাবর্তন বক্তার ভাষণে মো. মোজাম্মেল হোসেন সেশনজটকে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ব্যাধি হিসেবে উল্লেখ করে বলেন, এই জট নিরসনে সবচেয়ে বড় বাধা বিশ্ববিদ্যালয়গুলোতে জাতীয় রাজনীতির মাত্রাতিরিক্ত প্রভাব। বেশির ভাগ ছাত্র ও শিক্ষকই কোনো না-কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তিতে ব্যস্ত। তা ছাড়া দলীয় কোন্দল শিক্ষার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। স্নাতকদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘জ্ঞানদীপ্ত ও প্রযুক্তিদক্ষ মানবসম্পদ সৃষ্টির প্রেরণাই এ শতকের শিক্ষাব্যবস্থায় প্রাধান্য পেয়েছে। আপনাদের প্রতি আমি প্রত্যাশা করব, দেশের সমস্যা সমাধানে আপনাদের মেধা ও জ্ঞানকে কাজে লাগাবেন।’
বিশেষ অতিথি নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব আয় বাড়াতে হবে। আমাদের সম্পদ সীমাবদ্ধ। সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। আমাদের মনে রাখতে হবে দেশ ও জনগণের কাছে আমরা দায়বদ্ধ।’
সমাবর্তনে সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। তিনি বলেন, ‘উপাচার্যের দায়িত্ব নেওয়ার পর আমি সব বিভেদ ভুলে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার এবং নিয়মিত সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ গ্রহণ করি।’ গ্র্যাজুয়েটদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা অপেক্ষায় থাকব। কর্মব্যস্ত জীবনে প্রবেশ করেও তোমরা মাঝে মাঝেই ক্যাম্পাসে আসবে। তোমাদের পদচারণে মুখর রাখবে এই সবুজ পরিবেশ।’