আনন্দঘন পরিবেশে বিজয় দিবস উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনন্দঘন পরিবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. আলাউদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অনুষদসমূহের ডিনরা, হলসমূহের প্রভোস্টরা, বিভাগীয় সভাপতি এবং ইনস্টিটিউট ও গবেষণাকেন্দ্রের পরিচালকেরা, বিশ্ববিদ্যালয় ক্লাব (ক্যাম্পাস), বিশ্ববিদ্যালয় মহিলা সংসদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বিএনসিসি, অফিসার সমিতি, কর্মচারী ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন স্মারক ভাস্কর্যে ফুল দেয়। পরে উপাচার্যের নেতৃত্বে এক বিজয় শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এতে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যসহ শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। এরপর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন সহ-উপাচার্য মো. আলাউদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি মোজাফফর আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক আলী আজগর চৌধুরী, সিনেট সদস্য মনীন্দ্র কুমার রায়, সিন্ডিকেট সদস্য ইমরান হোসেন ও সুলতান আহমেদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সফিউল আলম প্রমুখ। আলোচনা সভায় উপাচার্য বলেন, বিজয় দিবস বাঙালির জাতীয় জীবনে আনন্দ-বেদনায় শিহরিত এক উজ্জ্বল দিন। মহান এ স্মৃতিময় দিনে বাংলাদেশ প্রত্যক্ষ করেছে মুক্তি সংগ্রামের বিজয়কে।