আনন্দঘন পরিবেশে বড়দিন উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল বড়দিনের অনুষ্ঠানে সান্তা ক্লজের সঙ্গে আনন্দে মাতে শিশুরা—ছবি: প্রথম আলো
রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল বড়দিনের অনুষ্ঠানে সান্তা ক্লজের সঙ্গে আনন্দে মাতে শিশুরা—ছবি: প্রথম আলো

‘আমি এক মহা আনন্দের সংবাদ তোমাদের জানাতে এসেছি। এই আনন্দ জাতির সমস্ত মানুষের জন্যই সঞ্চিত হয়ে আছে। আজ দাউদ নগরে তোমাদের ত্রাণকর্তা জন্মেছেন, তিনি সেই খ্রিষ্ট, স্বয়ং প্রভু।’
পৃথিবীতে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার ব্রত নিয়ে আসা যিশুখ্রিষ্টের আগমনবার্তা এভাবেই ধ্বনিত হয়েছিল দেবদূতের কণ্ঠে। তাঁর সেই জন্মের মহাক্ষণ বড়দিন ছিল গতকাল বুধবার। দেশের খ্রিষ্টধর্মাবলম্বীরা ধর্মীয় এই উৎসব উদ্যাপন করে আনন্দঘন পরিবেশে।
সকাল থেকেই রাজধানীর গির্জাগুলো পূর্ণ হয়ে ওঠে ভক্তদের পদচারণে। প্রার্থনার মধ্য দিয়ে দিনের শুরু।
গতকাল সকালে রাজধানীর তেজগাঁও ক্যাথলিক গির্জায় (পবিত্র জপমালার রানি গির্জা) সকাল নয়টায় প্রার্থনা পরিচালনা করেন আর্চবিশপ প্যাট্রিক ডি’ রোজারিও। তিনি প্রথম আলোকে বলেন, ‘পবিত্র এই দিনে আমরা ধর্মীয় প্রার্থনার সঙ্গে দেশের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেছি। সবার সর্বাঙ্গীণ চেষ্টা আর শুভবোধের উদয়ে দেশজুড়ে বিরাজমান শঙ্কা দূর হবে।’
রাজধানীর রমনা গির্জায় দুবার প্রার্থনা পরিচালিত হয়। একবার বাংলায়, আরেকবার বিদেশিদের জন্য ইংরেজিতে।
ঢাকাসহ দেশের সব গির্জা ও পাঁচতারা হোটেলেও ছিল বড়দিনের ঐতিহ্যবাহী জাঁকজমকপূর্ণ সাজসজ্জা। গোশালা স্থাপন, রঙিন কাগজ, ফুল ও আলোর বিন্দু দিয়ে ক্রিসমাস ট্রি সাজানো হয়েছিল দৃষ্টিনন্দন করে।
এর মধ্যে সোনারগাঁও হোটেলে গতকাল শিশুদের জন্য ফ্যাশন শো, পাপেট শো, ব্যান্ড শোর আয়োজন করা হয়। নাচ, গান ও খাওয়া-দাওয়ার মধ্য দিয়ে আনন্দমুখর সময় কাটায় শিশুরা। সান্তা ক্লজের কাছ থেকে উপহার পেতে ব্যগ্র ছিল তারা।
দিনটি ছিল সরকারি ছুটি। বড়দিন উপলক্ষে জাতীয় পত্রিকাগুলো দিনটির তাৎপর্য তুলে ধরে বিশেষ নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশ করে।