আনন্দদিনে অবকাঠামোগত উন্নয়ন শুরু
সিলেটের শত বছরের প্রাচীন বিদ্যাপীঠ এমসি (মুরারি চাঁদ) কলেজ। অবকাঠামোগত উন্নয়নের দাবি ছিল দীর্ঘদিনের। এ নিয়ে শুধু ঘোষণা আর আশ্বাসই ছিল এত দিন।গতকাল শনিবার এমসি কলেজের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের আনন্দদিনে সেই সব ঘোষণার বাস্তবায়ন ঘটল।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল সকালে গিয়ে চার কোটি টাকা ব্যয়ে এমসি কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে সূচনা করলেন উন্নয়নকাজের। শিক্ষক-শিক্ষার্থীদের আনন্দদিন ক্রীড়ানুষ্ঠানে উন্নয়নকাজের সূচনায় অন্য রকম আমেজ ছিল এমসি কলেজে।শিক্ষামন্ত্রী এমসি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের জানান, ‘বাংলাদেশের অন্যতম পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠান এমসি কলেজ। ঐতিহ্যের এই বিদ্যাপীঠের অবকাঠামোগত উন্নয়ন সময়ের সঙ্গে সঙ্গে হওয়ার কথা ছিল। কিন্তু এসব উন্নয়ন হয়নি। আজ (গতকাল) চার কোটি টাকা ব্যয়ে একাডেমিক ভবনের মাধ্যমে শুরু হলো এমসি কলেজের উন্নয়ন। পর্যায়ক্রমে আরও আট কোটি টাকাসহ মোট ১২ কোটি টাকার উন্নয়নকাজ হবে এমসি কলেজে।’বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে সকাল থেকে উৎসবের সাজে সজ্জিত ছিল এমসি কলেজ মাঠ। সকাল সাড়ে নয়টায় শিক্ষামন্ত্রী অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। আনুষ্ঠানিক ‘প্রতিজ্ঞা পাঠ’ শেষে তিনি সবার আগে শিক্ষার্থীদের সঙ্গে মিলিত হন। শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘যে শিক্ষানীতির জন্য আমি ছাত্রজীবন থেকে আন্দোলন করে আসছিলাম, সেটি এখন আমার হাত দিয়ে তৈরি হয়েছে। এই শিক্ষানীতি বাস্তবায়িত হলে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না।’নারী শিক্ষার প্রসারে শিক্ষামন্ত্রী বলেন, ‘মেয়েরা উচ্চশিক্ষায় এখনো পিছিয়ে আছে। যে দেশে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী নারী, সেখানে এ অবস্থা থাকবে কেন? আমরা মেয়েদের অংশগ্রহণ আরও বাড়াতে চাই। মেয়েদের উচ্চশিক্ষায় এগিয়ে আসতে হবে। নইলে শিক্ষাব্যবস্থার মৌলিক পরিবর্তন হবে না।’ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন শেষে তিনি একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভিত্তিপ্রস্তর স্থাপনের পরপরই শুরু হওয়া একাডেমিক কাজ শিক্ষামন্ত্রী পরিদর্শন করেন। এ সময় সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শহীদ উল্লাহ তালুকদার, সিলেট এমসি কলেজের অধ্যক্ষ ধীরেশ চন্দ্র সরকার, সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ আশফাক আহমদ, সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ সাইফুল বারী চৌধুরী ও সিলেট এমসি কলেজের সাবেক অধ্যক্ষ এ এন এম মাহবুব আলম উপস্থিত ছিলেন।বার্ষিক ক্রীড়ানুষ্ঠানের আহ্বায়ক পরাগ কান্তি দেব জানান, বিভিন্ন প্রতিযোগিতা দিন সাতেক আগে অনুষ্ঠিত হয়। গতকাল শিক্ষামন্ত্রীসহ উপস্থিত অতিথিদের সামনে ছাত্র ও ছাত্রীদের দৌড় ও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার হরেক রকম আনন্দের সাজের মধ্যে শিক্ষার্থীদের সাপুড়ে, ভিক্ষুক ও ডাকপিয়ন পুরস্কার পায়।