আনন্দময় এক উৎসব যেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি গান, কয়েকটি বক্তব্য, দুটি প্রতিক্রিয়া—এই তো অনুষ্ঠান; কিন্তু সেটুকুই রাঙিয়ে দিল উপস্থিত দর্শক-শ্রোতার মন। সৃজনশীল ও মননশীল শাখায় কারা পাচ্ছেন পুরস্কার, তা জানা হয়ে গিয়েছিল আগেই; গতকাল ছিল শুধু আনুষ্ঠানিকতা—বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার। বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে গতকাল বিকেল ও সন্ধ্যার সন্ধিক্ষণে আয়োজিত ‘প্রথম আলো বর্ষসেরা বই পুরস্কার ১৪২০’ অনুষ্ঠানটি তাই হয়ে উঠেছিল সাহিত্যসেবীদের মিলনমেলা।
একটি দশক পার করে পুরস্কারটি পা রাখল দ্বিতীয় দশকে। বরাবরের মতো অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ। তিনি মঞ্চে আহ্বান করলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রফিকুল আলমকে। কবি শামসুর রাহমানের দুটি কবিতা থেকে তৈরি ‘কখনো আমার মাকে’ ও ‘শ্যামল কোমল শান্ত ছায়ায় তোমরা ঘুমাও’ গান দুটি শোনালেন তিনি। এরপর সঞ্চালক বিগত ১০ বছর নিয়মিত শ্রোতাদের সারিতে থাকা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান, শিক্ষাবিদ ও কবি জিল্লুর রহমান সিদ্দিকী, চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীকে স্মরণ করেন, যাঁরা এখন আর নেই। একই সঙ্গে এ বছর আরও যাঁদের হারিয়েছি, তাঁদের মধ্যে সরদার ফজলুল করিম ও কবি আবুল হোসেনের কথাও শ্রদ্ধাভরে স্মরণ করেন তিনি।
সঞ্চালকের আহ্বানে মঞ্চে এলেন বিচারকমণ্ডলীর সভাপতি শামসুজ্জামান খান, সদস্য আবুল মোমেন, খালিকুজ্জামান ইলিয়াস, ভীষ্মদেব চৌধুরী, লুভা নাহিদ চৌধুরী। তাঁরা সঙ্গে নিয়ে এলেন এবারের বর্ষসেরা বইয়ের লেখক আহমদ রফিক ও রায়হান রাইনকে। আহমদ রফিক তাঁর দেশবিভাগ: ফিরে দেখা গবেষণাগ্রন্থের জন্য পেয়েছেন মননশীল বইয়ের পুরস্কার। রায়হান রাইন পুরস্কার পেয়েছেন সৃজনশীল শাখায় তাঁর আগুন ও ছায়া উপন্যাসের জন্য। বই দুটি বের করেছে যথাক্রমে প্রথমা প্রকাশন ও অনিন্দ্য প্রকাশ।
রায়হান রাইনকে নিয়ে অভিজ্ঞানপত্র পড়ে শোনান আবুল মোমেন। লেখককে উত্তরীয় পরিয়ে দেন খালিকুজ্জামান ইলিয়াস। শামসুজ্জামান খানের হাত থেকে ক্রেস্ট, চেক ও অভিজ্ঞানপত্র গ্রহণ করেন লেখক। অভিজ্ঞানপত্রে বলা হয়, ‘যাপনের অভিজ্ঞতায় নিষিক্ত যে জীবন, তার সারসত্যের সন্ধান আর আন্তরিক বয়ানের জন্যে তার চাই দার্শনিকের মনন আর শিল্পীর উপলব্ধি। রায়হান রাইন তাঁর প্রথম উপন্যাসেই এই কঠিন দুর্গম পথে পা বাড়িয়েছেন। যাত্রাপথের সূচনালগ্নে রায়হান রাইনকে অভিনন্দন।’
রায়হান রাইন তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘ব্যক্তি টেলিভিশনে দেখছে বাসের ভিতরে মানুষ পুড়ছে, ঠিক সে সময় তাঁর মোবাইল বেজে ওঠে। মোবাইলের অপর দিক থেকে আনন্দের খবর দেওয়া হচ্ছে। অনুভবের মধ্যে যা ঘটেছিল, তা অল্প সময়ে পাল্টে গেল। ঝুঁকির মধ্যে পড়লে ব্যক্তি আবার নিজেকে নিজের মধ্যে খুঁজে পায়।’
আহমদ রফিকের উদ্দেশে অভিজ্ঞানপত্র পড়ে শোনান ভীষ্মদেব চৌধুরী। লেখককে উত্তরীয় পরিয়ে দেন লুভা নাহিদ চৌধুরী। শামসুজ্জামান খানের হাত থেকে ক্রেস্ট, চেক ও অভিজ্ঞানপত্র গ্রহণ করেন লেখক। অভিজ্ঞানপত্রে লেখা হয়, ‘বইটিতে রচয়িতা তাঁর অবস্থান নিরপেক্ষ বলে দাবি করেছেন। এতে আমরা শুভবোধসম্পন্ন এক গণতান্ত্রিক মানবতাবাদী ভাবুকের মনস্তাপ, প্রত্যয় ও অভীপ্সিত স্বপ্নের সন্ধান পাই। দেশভাগ-সংক্রান্ত গবেষণায় বইটি বাংলাদেশের, অর্থাৎ বাংলার পূর্ব অংশের, একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি যুক্ত করল।’
আহমদ রফিক তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘ছাত্রজীবন থেকে দুটি বিষয়ে নিজেকে সংযুক্ত করেছি। একটি সাহিত্য, অন্যটি রাজনীতি। সাতচল্লিশের দেশবিভাগ আমার চেতনায় ছাপ ফেলেছিল। যে পরিমাণ রক্তস্রোতে দেশবিভাগ হয়েছে, তা যেকোনো সংবেদনশীল মানুষকে আহত করে। এই দেশবিভাগকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান দুটি পক্ষের কথা টেনে আনা হয়। অনেকেই তৃতীয় পক্ষকে পাশ কাটিয়ে গেছেন। সেটি হলো ব্রিটিশ শাসক, দেশভাগে ওদেরই বড় ভূমিকা।’
উল্লেখ্য, এ বছর পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ টাকা করা হয়েছে।
বিচারকমণ্ডলীর সভাপতি শামসুজ্জামান খান বলেন, ‘আজকের আনন্দময় অনুষ্ঠানটি উৎসবে রূপ নিয়েছে। আমরা বিচারকার্য করতে গিয়ে দেখেছি, অনেক বই এসেছিল। প্রাথমিক বাছাই, দ্বিতীয় বাছাই এবং চূড়ান্ত বাছাইয়ের পর আমরা বিচারকমণ্ডলী প্রত্যেকটি বই পড়েছি। বিচার-বিবেচনার সময় নানা বিষয়ে কথাবার্তা, আলোচনা, মৃদু বিতর্ক হয়েছে। এরপর সকলে ঐকমত্যের মাধ্যমেই দুটি বই চূড়ান্তভাবে পুরস্কারের জন্য নির্বাচিত করেছি।’

বাংলা একাডেমিতে গতকাল প্রথম আলো বর্ষসেরা বই পুরস্কার ১৪২০ প্রদান অনুষ্ঠানে (বাঁ থেকে) ভীষ্মদেব চৌধুরী, খালিকুজ্জামান ইলিয়াস, আহমদ রফিক, শামসুজ্জামান খান, রায়হান রাইন, লুভা নাহিদ চৌধুরী ও আবুল মোমেন l ছবি: প্রথম আলো
বাংলা একাডেমিতে গতকাল প্রথম আলো বর্ষসেরা বই পুরস্কার ১৪২০ প্রদান অনুষ্ঠানে (বাঁ থেকে) ভীষ্মদেব চৌধুরী, খালিকুজ্জামান ইলিয়াস, আহমদ রফিক, শামসুজ্জামান খান, রায়হান রাইন, লুভা নাহিদ চৌধুরী ও আবুল মোমেন l ছবি: প্রথম আলো

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। তিনি দেশের বর্তমান সময় সম্পর্কে বলেন, ‘আমাদের দুঃখ-বেদনা, কষ্টের শেষ নেই। আগুনে পুড়ছে মানুষ, দেশ বিপর্যস্ত, আমরা সবাই অসহায়, কেউ কিছু করতে পারছি না। আশার আলো নেই কোথাও। এভাবে দেশ, সমাজ ও জীবন চলতে পারে না। আমরা শান্তি চাই, এ ধ্বংসযজ্ঞ থেকে মুক্তি চাই।’ তিনি পুরস্কারপ্রাপ্ত বই দুটি নিয়ে আলোচনা করেন। বক্তব্যের শেষে প্রথম আলো সম্পাদক নতুন প্রবর্তিত ‘জীবনানন্দ দাশ পুরস্কার’ ঘোষণা করেন। তিনি জানান, প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত অধ্যাপক ক্লিন্টন বি সিলির অনন্য জীবনানন্দ বইটি থেকে লেখক সম্মানীর এক লাখ টাকার সঙ্গে প্রথমা আরও এক লাখ টাকা যোগ করে একটি তহবিল করেছে। তা থেকেই এ পুরস্কার দেওয়া হচ্ছে। এ বছর কায়কাউসের ছেলে কাব্যগ্রন্থের জন্য পুরস্কারটি পান সাইয়েদ জামিল। ফেব্রুয়ারির বইমেলায় এটি বই আকারে প্রকাশ করবে প্রথমা প্রকাশন। এপ্রিল মাসে প্রথমা প্রকাশনের পুনর্মিলনী অনুষ্ঠানে তরুণ এই কবির হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
অনুষ্ঠান শেষে চা-চক্রের আয়োজনটি সাহিত্যিক ও সাহিত্যরসিকদের মিলনমেলায় পরিণত হয়।