প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে কক্সবাজার সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা শহরে আনন্দমিছিল করেছেন। কলেজের শিক্ষকসংকটের অবসান ঘটায় গতকাল সোমবার দুপুরে তাঁরা এই মিছিল করেন। এর আগে কলেজ ক্যাম্পাসের শহীদ মিনার চত্বরে এক সমাবেশে ছাত্রীরা কলেজে বাণিজ্য বিভাগ চালু, ছাত্রীনিবাস নির্মাণ ও অনার্স কোর্স চালুর প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবি জানান।অনার্সসহ পূর্ণাঙ্গ কলেজ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও কলেজছাত্রী কোহিনুর ইসলাম বলেন, ‘৪ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার সফরে এসে বিশাল জনসভায় এ কলেজের সব সমস্যা সমাধানের আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যে ১৪ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। আগে ইংরেজি ও রসায়ন বিভাগে কোনো শিক্ষক ছিল না। এখন একাধিক শিক্ষক নিয়োগ পাওয়ায় আমরা খুশি।’ অধ্যক্ষ এ কে ফজলুল করিম চৌধুরী জানান, শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত নারীশিক্ষার একমাত্র সরকারি এই প্রতিষ্ঠানটি ২৪ বছরেও পূর্ণতা পায়নি। গতকাল সোমবার তিনজন শিক্ষক যোগদান করেছেন। আরও ১১ জন শিক্ষক দু-এক দিনের মধ্যে যোগদান করবেন। এখন কলেজের মোট ৩৪ জন শিক্ষক মিলে ছাত্রীদের ভালো পাঠদানের পরিবেশ তৈরি করা যাবে।