উদ্যাপিত হলো ঢাকা কলেজের ১৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনটি উদ্যাপন করতে গতকাল শনিবার এই কলেজ ক্যাম্পাসে বসেছিল সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা। খবর বাসসের।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ঢাকা কলেজের অধ্যক্ষ তুহিন আফরোজ আলম এবং উপাধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন মোল্লা বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। নানান রঙের ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গিয়েছিল কলেজের ক্যাম্পাস। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। শিক্ষার্থীরা পারস্পরিক আলাপচারিতা ও স্মৃতিচারণায় মেতে ওঠেন। কলেজের শহীদ আ ন ম নজিব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে জমে ওঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের নানা কর্মকাণ্ড তুলে ধরেন। তিনি বলেন, স্নাতক (সম্মান) কোর্স পাঠদানকারী কলেজগুলোর অবকাঠামো উন্নয়নসহ শিক্ষার মান নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটানোর ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধেরও বিকাশ ঘটাতে হবে।
বর্ষপূর্তির এই অনুষ্ঠানে নুরুল ইসলাম নাহিদ বলেন, বিশ্বায়নের এ যুগে টিকে থাকতে হলে চাই বিশ্বমানের শিক্ষা। এ ক্ষেত্রে সরকারের দেওয়া সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে নতুন প্রজন্মকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। ঢাকা কলেজ জাতির অনেক শ্রেষ্ঠ সন্তান উপহার দিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, কলেজটি এখনো মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। দেশে শিক্ষার পরিবেশ ঠিক রাখতে যা প্রয়োজন তাই করা হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ইতিমধ্যে সারা দেশে ৭০টি কলেজ বাছাই করা হয়েছে। এসব কলেজে ২০ কোটি টাকা ব্যয়ে ল্যাব, ক্লাসরুম ও ছাত্রাবাস নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
আগামী বছর শিক্ষাপ্রতিষ্ঠানটির পৌনে দুই শ বছর পূর্ণ হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘বিষয়টি অত্যন্ত গৌরবের। বহু আগের এই শিক্ষাপ্রতিষ্ঠানে হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনা করেছেন। সেই তুলনায় শিক্ষক-সংকট থাকলেও ফলাফলে ঢাকা কলেজ ভালো করছে বলে মন্ত্রী উল্লেখ করেন।
১৭৪ বছর আগে ১৮৪১ সালে ঢাকা কলেজ প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এইচএসসি এবং ২১টি বিভাগে অনার্স ও মাস্টার্স কোর্সে প্রায় ২০ হাজার শিক্ষার্থী লেখাপড়া করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই কলেজে।