আনন্দমুখর পরিবেশে ভোট দিল খুদে শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র পরিষদ (স্টুডেন্টস কাউন্সিল) নির্বাচন গতকাল শনিবার দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়। এবার নতুন করে আরও ৫০৩টি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ নির্বাচন হয়। শিশুকাল থেকে গণতন্ত্রের অভ্যাস গড়ে তোলাসহ বিভিন্ন উদ্দেশ্যে গত বছর পরীক্ষামূলকভাবে ২০টি উপজেলার বাছাই করা ১০০টি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনের মাধ্যমে ছাত্র পরিষদ গঠিত হয়।কুড়িগ্রাম: কিশলয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ হয়। ব্যতিক্রমী ভোট দেখতে ছিল কৌতূহলী মানুষের উপচে পড়া ভিড়।বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে। সবার মধ্যে বিপুল উৎসাহ। নির্বাচন কমিশনার পঞ্চম শ্রেণীর ছাত্র আবু শামস। এখানে সাতটি পদে প্রতিদ্বন্দ্বিতা করে ১৫ জন। ভোটার ৩০৫ জন। বিজয়ীরা হলো: রায়হান কবির, আহাম্মেদ আকিব, সুরাইয়া জান্নাত, আবদুল্লা আল জুবায়ের, তাফসিয়া, আবদুল্লা আল মামুন ও মীম। পরাজিত প্রার্থীরা করতালি দিয়ে বিজয়ীদের বরণ করে নেয়।পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীরা গতকাল ছাত্র পরিষদ নির্বাচন নিয়ে মেতে উঠেছিল। সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণ ছিল উৎসবমুখর।ভোটের আয়োজন ও ভোট গ্রহণ সবই করেছে ছাত্রছাত্রীরা। নির্বাচন কমিশনার ছিল পঞ্চম শ্রেণীর ছাত্র তাহিব হাসান। কাউন্সিলের সাত পদে প্রার্থী ছিল ১৭ জন। নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তাসহ নিরাপত্তার দায়িত্ব পালন করে ছাত্রছাত্রীরা। আর বিদ্যালয়ের শিক্ষকেরা ছিলেন পর্যবেক্ষক। প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তারা, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যরা এবং শহরের বিভিন্ন স্তরের মানুষ এ ব্যতিক্রমী ভোট দেখতে আসে।সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ চলে বিদ্যালয়ে। ৩৭৭ জন ভোটারের মধ্যে ২৫৪ জন ভোট দেয়। নির্বাচিত সাতজন হলো: আবরার লাবিব, তাসমিন তাবাসসুম, নিশাত তাসনিন, তাসনিন মুস্তাভি, নাসিম ইসলাম, নুরনেওয়াজ ও জামিলা ফারহানা।