আনন্দমুখর ভিকারুননিসা স্কুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটু আগে ঘোষণা করা হয়েছে এসএসসি পরীক্ষার ফল। ফল ভালো হয়েছে এই শিক্ষার্থীদের। তাই উল্লাসে মেতেছে তারা। আর উচ্ছ্বসিত শিক্ষার্থীদের উদ্‌যাপনের দৃশ্য ধারণে ব্যস্ত গণমাধ্যমকর্মীরা। এই ছবি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের l প্রথম আলো
একটু আগে ঘোষণা করা হয়েছে এসএসসি পরীক্ষার ফল। ফল ভালো হয়েছে এই শিক্ষার্থীদের। তাই উল্লাসে মেতেছে তারা। আর উচ্ছ্বসিত শিক্ষার্থীদের উদ্‌যাপনের দৃশ্য ধারণে ব্যস্ত গণমাধ্যমকর্মীরা। এই ছবি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের l প্রথম আলো

‘আমার সন্তানকে মানুষের মতো মানুষ হওয়ার কথাই বলি। তারপর ডাক্তার-ইঞ্জিনিয়ার যা হওয়ার তা হও। সামনে অনেক পথ খোলা আছে। জিপিএ–৫ পেলে ভালো। তবে শুধু জিপিএ–৫ পাওয়াই সব নয়।’ বলছিলেন রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দেওয়া মারজান চৌধুরীর মা মেরিনা আক্তার। মারজান এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।
মারজানের মা যখন কথা বলছিলেন তখন এসএসসি পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থীদের উল্লাসধ্বনিতে মুখর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আঙিনা। শিক্ষার্থীরা মাঠে ব্যান্ড ও গানের তালে তালে নাচছিল, আনন্দ করছিল।
কলেজ মাঠে কথা হয় মো. বাহারুদ্দিন ও সেকায়েতের নাহারের সঙ্গে। তাঁদের মেয়ে তাসফিয়া চৌধুরী জিপিএ–৫ পেয়েছে। বাহারুদ্দিন বলেন, উৎকণ্ঠায় তাঁর স্ত্রী আগের রাতে ঘুমাতে পারেননি। পরীক্ষার ফল ঘোষণার পর এখন খুবই ভালো লাগছে।
এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ হাজার ৫৯৬ জন এসএসসি পরীক্ষা দিয়েছে। তাদের মধ্যে পাস করেছে ১ হাজার ৫৯৫ জন। পরীক্ষায় পাসের হার ৯৯ দশমিক ৯৪। বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিয়েছে ১ হাজার ৩৬৯ জন। তাদের মধ্যে ১ হাজার ৩১২ জন জিপিএ–৫ পেয়েছে। বাণিজ্য বিভাগের ২০৯ জনের মধ্যে ৫৬ জন জিপিএ–৫ পেয়েছে। মানবিক বিভাগে ১৮ জন অংশ নিয়ে সবাই পাস করেছে।
শিক্ষার্থীদের ফলাফলে সন্তুষ্ট অধ্যক্ষ সুফিয়া খাতুন বলেন, এ স্কুলের মেয়েরা বরাবরের মতোই ভালো ফল করেছে। তিনি আরও বলেন, মেয়েরা পড়াশোনায় মনোযোগী ছিল, তাই ফল ভালো হয়েছে।