আনন্দমোহন কলেজকে বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আনন্দমোহন কলেজ দেশের একটি অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান। এটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করতে সব রকম উদ্যোগ নেওয়া হবে। ময়মনসিংহে সরকারি আনন্দমোহন কলেজের শতবর্ষ পূর্তি উপলক্ষে গতকাল শুক্রবার আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে তিনি এসব কথা বলেন।সকালে কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করে ১০০ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রীসহ একাধিক সাংসদ, কলেজের নবীন-প্রবীণ শিক্ষার্থী ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী পর্বে শিক্ষামন্ত্রী আরও বলেন, সরকার ২০১১ সালের মধ্যে সব শিশুকে শিক্ষাপ্রতিষ্ঠানমুখী করতে দেশে আরও দেড় হাজার শিক্ষাপ্রতিষ্ঠান করার উদ্যোগ নিয়েছে।কলেজের অধ্যক্ষ মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে এই পর্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, সাংসদ কে এম খালিদ ও মোস্তাক আহাম্মেদ, অধ্যাপক আবদুল হক খান, গাজী হাসান কামাল ও অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহ্বায়ক এহতেশামুল আলম।উদ্বোধনী পর্বে কলেজের প্রাক্তন ছাত্র বর্তমানে কলেজেরই শিক্ষক অধ্যাপক আবদুল হক তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘হাজার হাজার শিক্ষার্থীর মাঝে নিজেকে পেয়ে আমি অভিভূত। এ যেন নতুন আর পুরোনোর মিলন মেলা।’ কলেজের প্রাক্তন ছাত্রী প্রবীণ শিক্ষিকা মমতাজ বেগম বলেন, ‘কলেজটি অনেক বড় হয়েছে। আমরা পড়েছি, ছেলেমেয়েরা পড়ার পর এখন নাতি-নাতনিরা পড়ছে। পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগছে।’বর্তমান শিক্ষার্থী, নাজমুন নাহার, আরফিয়া খাতুন, ইব্রাহীম খলিল বলেন, ‘শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমরা নিজেদের ভাগ্যবান মনে করছি। আমাদের একটাই চাওয়া, কলেজটি বিশ্ববিদ্যালয় হোক।’উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা কলেজ প্রাঙ্গণ থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে।প্রধান অতিথি হিসেবে বিকেলে স্মৃতিচারণা অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক এবং সন্ধ্যায় পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ভূমিমন্ত্রী রেজাউল করিম উপস্থিত ছিলেন। দুই মন্ত্রীই কলেজটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।১৮৮৩ সালে ময়মনসিংহ ইনস্টিটিউশন নামে শহরে আনন্দমোহন বসুর পৈতৃক ভিটায় কলেজটির যাত্রা শুরু হয়। ১৯০৮ সালে বর্তমান স্থানে স্থানান্তর করে কলেজের নামকরণ করা হয় আনন্দমোহন কলেজ। বর্তমানে কলেজে ১৮টি বিষয়ে অনার্সসহ মাস্টার্স কোর্সে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৩ হাজার। শিক্ষক আছেন ২০১ জন।