আনন্দময় একটি দিন
শরতের শুভ্র আকাশে ভুবন চিল আর সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায় শিক্ষার্থীদের কলরব। লাইন ধরে মঞ্চ থেকে পুরস্কার নিচ্ছে শিক্ষার্থীরা। একটি একটি করে নাম মাইকে বাজছে আর তার সঙ্গে বেজে উঠছে শিক্ষার্থীদের সমবেত গলার আওয়াজ।গতকাল শুক্রবার সিটি ফাউন্ডেশনের সহায়তায় এবং বিশ্বসাহিত্য কেন্দ্র ও সিটি ব্যাংকের আয়োজনে তৃতীয়বারের মতো বইপড়া কর্মসূচিতে রাজধানীর কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের বর্ণাঢ্য পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন ছিল এমনই আনন্দময়। এ দিনে রাজধানীর সেরা ১০টি কলেজ এবং কেন্দ্রভিত্তিক বইপড়া কর্মসূচির মোট ৫৮৩ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বাংলা সাহিত্য ও পৃথিবীর কিশোর সাহিত্যের সেরা ১২টি বই পড়ার সুযোগ পেয়েছে। পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন এবং বিশ্বসাহিত্য কেন্দ্র—এই চারটি বিভাগে পুরস্কার দেওয়া হয়।পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা যেন মুখিয়ে ছিল বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের কথা শোনার জন্য। গোপাল ভাঁড়ের গল্প শুনিয়ে গেলেন তিনি। প্রথম আলোকে বললেন, ‘বড় মানুষ চাই। কজন ছোট মানুষ আর বড় জাতি একসঙ্গে হয় না। এ জন্য আমরা তরুণদের বড় করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুব জামিল বলেন, এ বইপড়া কর্মসূচির মাধ্যমে তরুণদের যে মানসিক বিকাশ ঘটছে, তা তাৎক্ষণিক দেখা যাবে না। কিন্তু অবচেতন মনে তা একদিন তাদের উজ্জীবিত করবে। শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, সিটি ব্যাংক এন এ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও সিটি কান্ট্রি অফিসার রাশেদ মাকসুদ, আব্দুন নূর তুষার, বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শরিফ মো. মাসুদ বক্তব্য দেন।