আনন্দময় নতুন বছরের প্রত্যাশায় ‘বুদ্ধস্নান’
ভোরের আলো তখনো ফোটেনি ভালো করে। চারদিকে আলো-আঁধারির খেলা। কিন্তু গ্রামগুলোতে এর মধ্যে সাড়া পড়ে গেছে। শিশু-কিশোর, নারী-পুরুষ দলবেঁধে ছুটছে এই বিহার (বৌদ্ধমন্দির) থেকে ওই বিহারে, এক গ্রাম থেকে আরেক গ্রামে। তাদের হাতে হাতে মঙ্গলজল, ঢোল-কাঁসরসহ নানা বাদ্যযন্ত্র। বাদ্যযন্ত্রের তালে তালে তারা গাইছে—‘বুদ্ধ বল বল রে, বুদ্ধের মতো এমন দয়াল আর নাই রে’। এই কীর্তন গাইতে গাইতে তারা বিহারে স্থাপিত বুদ্ধমূর্তির শরীরে মঙ্গলজল ঢেলে স্নান করাচ্ছে। গত মঙ্গলবার ভোর চারটা থেকে বেলা ১১টা পর্যন্ত কক্সবাজারের রামু উপজেলার প্রায় ৩০টি বৌদ্ধপল্লি ও বিহারে চলে এই বুদ্ধস্নানের আয়োজন। বৌদ্ধ ধর্মাবলম্বীরা জানায়, পুরোনো বছরের সব ব্যর্থতা ও গ্লানি ঝেড়ে ফেলে পুরোনোকে বিদায় জানাতে এবং নতুন বছর আনন্দময় হয়ে ওঠার প্রত্যাশায় প্রতিবছর এই মঙ্গলস্নানের আয়োজন করা হয়। চৈত্র মাসের শেষ দিন, অর্থাৎ চৈত্রসংক্রান্তিতে রামুর বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এ উপলক্ষে সেখানকার প্রতিটি গ্রাম হয়ে ওঠে উৎসবমুখর। সরেজমিনে গিয়ে উপজেলার মেরংলোয়া কেন্দ্রীয় সীমা বিহার, শ্রীকুল মৈত্রী বিহার, হাজারীকুল বোধিরত্ন বিহার, রামকোট বনাশ্রম বৌদ্ধবিহার, জাদীপাড়া আর্যবংশ বৌদ্ধবিহার, উখিয়ারঘোনা জেতবন বিহার, উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বন বিহার, পূর্ব রাজারকুল বৌদ্ধবিহার, উত্তর ফতেখাঁরকুল বিবেকারাম বৌদ্ধবিহার, চেরাংঘাটা বড় ক্যাং, শ্রীকুল রাখাইন বৌদ্ধবিহারে মঙ্গলস্নানের অনুষ্ঠান দেখা যায়। ভক্তরা নেচে-গেয়ে বুদ্ধের স্তবগান করছে। উত্তর মিঠাছড়ি বিদর্শন ভাবনা কেন্দ্রের পরিচালক করুণাশ্রী থের জানান, বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধারণা, বুদ্ধস্নানের মাধ্যমে পুরোনো বছরের সব অশুভ প্রভাব দূর হয়ে যায়। নতুন বছর যাতে সবার জন্য মঙ্গলবারতা নিয়ে আসে, এই প্রত্যাশায় সন্ধ্যায় প্রতিটি বৌদ্ধবিহারে মঙ্গলপ্রদীপ, ধূপকাঠি জ্বেলে প্রার্থনা করা হয়।