আনন্দময়ী বিদ্যালয়ের পাশে ডাস্টবিন
পুরান ঢাকার আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের ডাস্টবিনের দুর্গন্ধে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা ব্যাহত হচ্ছে। কিন্তু ডাস্টবিনটি সরানোর কোনো পদক্ষেপ নিচ্ছে না ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বিদ্যালয়টিতে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী রয়েছে।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিদিন সকালে ক্লাস শুরুর সময়ই মহল্লার বিভিন্ন বাসাবাড়ি থেকে ময়লা এনে এই ডাস্টবিনে ফেলেন ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মীরা। দুর্গন্ধে শ্রেণিকক্ষের দরজা-জানালা বন্ধ করে রাখতে হয়। পথচারীদের চলাচলেও দুর্ভোগ পোহাতে হয়। এলাকাটি ডিএসসিসির ৩২ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। গতকাল দুপুরে দেখা যায়, আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের দেয়াল ঘেঁষে আরমানিটোলার কাজিমুদ্দীন সিদ্দিক লেনে রাখা হয়েছে ডিএসসিসির একটি বড় ময়লার কনটেইনার। এতে বিভিন্ন বাসাবাড়ির ময়লা-আবর্জনা ফেলছেন পরিচ্ছন্নতাকর্মীরা। বাতাসে ময়লার দুর্গন্ধ। নাক চেপে চলাচল করছেন শিক্ষার্থীরা।
আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজা খাতুন বলেন, প্রায় ৮ থেকে ১০ বছর ধরে এই লেনে ময়লার কনটেইনার রাখছে ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মীরা। কনটেইনারটি সরিয়ে নিতে মৌখিকভাবে ডিএসসিসিকে একাধিকবার জানানো হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি। দুর্গন্ধের কারণে বিদ্যালয়ের সব শ্রেণিকক্ষের জানালা বন্ধ করে রাখতে হয়।
শিক্ষার্থীদের দুর্ভোগের কথা স্বীকার করে ডিএসসিসির ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিল্লাল শাহ প্রথম আলোকে বলেন, এই এলাকায় বিকল্প জায়গা না থাকায় বিদ্যালয়ের পাশে কনটেইনারটি রাখা হয়েছে। মহল্লার লোকজনের সঙ্গে কথা বলে কনটেইনারটি অন্যত্র সরানোর ব্যবস্থা নেওয়া হবে।