আনন্দযজ্ঞে দেশ ও বিশ্বকে আলোকিত করার প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের মৌচাকে প্রথম আলো বন্ধুসভা জাতীয় সমাবেশের সমাপনী দিনে বন্ধুসভার ‘মানবলোগো’ তৈরি করেন বন্ধুরা l প্রথম আলো
গাজীপুরের মৌচাকে প্রথম আলো বন্ধুসভা জাতীয় সমাবেশের সমাপনী দিনে বন্ধুসভার ‘মানবলোগো’ তৈরি করেন বন্ধুরা l প্রথম আলো

নিজে আলোকিত হলে আলোকিত হবে দেশ। আর স্বদেশের আলোয় আলোকিত হবে বিশ্ব। এভাবেই বিশ্বমঞ্চে বাংলাদেশের আসন সংহত করার প্রক্রিয়ায় নিজেদের অংশী করে তোলার প্রত্যয়ের মধ্য দিয়ে শেষ হলো প্রথম আলো বন্ধুসভার তৃতীয় জাতীয় সমাবেশ।
গাজীপুরের মৌচাক স্কাউট মাঠে সমাবেশটি শুরু হয়েছিল খ্রিষ্টীয় নতুন বছরের প্রথম দিনে। গতকাল শনিবার ছিল শেষ দিন। নিজেদের মধ্যকার বন্ধনকে আরও দৃঢ় করে তুলতে নতুন উদ্দীপনায় এই আনন্দযজ্ঞে শামিল হয়েছিল সারা দেশের ১৩০টি বন্ধুসভার প্রায় দেড় হাজার সদস্য।
সমাপনী দিনে তারুণ্যের উৎসবে প্রাণবন্ত হয়ে ওঠা এই মাঠেই সমবেত বন্ধুদের উদ্দেশে প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, ‘আপনারা সব সময় একটা ভালো বই সঙ্গে রাখবেন। সকালে উঠেই একটি ভালো কবিতা, গল্প কিংবা নিবন্ধ পাঠ আপনার দিনটাকেই বদলে দিতে পারে।’
প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন বলেন, ‘আমরা প্রত্যেকেই চাইব বাংলাদেশের গণতন্ত্র, এখানকার মানুষ ও সভ্যতার অগ্রযাত্রায় নিজেদের শামিল করে তুলতে। এ জন্য প্রয়োজন নিজেকে আলোকিত করে তোলা।’ নিজেদের বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিবান্ধব করে গড়ে তোলার জন্য বন্ধুদের পরামর্শ দেন প্রথম আলোর যুব কর্মসূচির সমন্বয়ক মুনির হাসান।
সমাবেশে শুভেচ্ছা বক্তব্য দেন এ আয়োজনের অন্যতম পৃষ্ঠপোষক এনার্জিপ্যাক-এর অ্যাসোসিয়েট করপোরেট ব্র্যান্ডিং তানজিলা হোসেন।
সমাবেশের সমাপনী দিনে বিভিন্ন বিভাগে বন্ধুসভার সদস্যদের পুরস্কৃত করা হয়।
প্রথম আলো চরবাসীর জীবনমানের উন্নয়নে নানাবিধ কর্মকাণ্ড পরিচালনার জন্য সম্মেলনে ভালো কাজের পুরস্কারটি লাভ করে কুড়িগ্রাম বন্ধুসভা। সমাবেশের সমাপ্তি ঘোষণার আগে সংগীত পরিবেশন করেন কোনাল, সাব্বির, দিনাত জাহান মুন্নী ও পুলক।
বন্ধুসভার সদস্যদের থাকার ব্যবস্থা হয়েছিল শালবনের দেড় শ তাঁবুতে। তাঁবুগুলোর নামকরণ করা হয় বাংলাদেশের মানুষ, প্রকৃতি, ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে সংগতি রেখে।
সমাবেশ আয়োজনে সহযোগিতা করেছে শারমিন গ্রুপ, এনার্জি প্যাক, সামিট পাওয়ার ও ইউনিভার্সাল মেডিকেল।