আনন্দযাত্রার মানবস্রোত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ সোমবার শুরু হচ্ছে ঈদের ছুটি। গতকাল রোববার ছিল শেষ কর্মদিবস। শেষ দিন নিজ নিজ দপ্তরে কাজ শেষ করে পরিবার-পরিজন নিয়ে তাই অনেকেই রওনা হয়েছিলেন বাড়ির উদ্দেশে। গ্রামের বাড়িতে গিয়ে সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঘরমুখী লাখো মানুষের স্রোত বইছিল রাজধানীর বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও লঞ্চঘাটে। গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ঘরেফেরা মানুষের যাত্রা ছিল অনেটাই নির্বিঘ্ন। তবে গতকাল যাঁরা বাড়ি রওনা হয়েছেন, তাঁদের যানজট, পরিবহনের স্বল্পতা, দীর্ঘ অপেক্ষার মতো নানা ভোগান্তিতে পড়তে হয়েছে। গতকাল ট্রেনের সময়সূচিও ভেঙে পড়ে। বেশির ভাগ ট্রেনই নির্ধারিত সময়ে ছেড়ে যায়নি।
কিছু ভোগান্তি হলেও বাড়ি ফেরার আনন্দ ছিল সবার চোখেমুখে। হুড়োহুড়ি করে বাসে ওঠা কিংবা লঞ্চ ও ট্রেনের জন্য অপেক্ষায় বসে থাকা যাত্রীদের মধ্যে তেমন বিরক্তি লক্ষ করা যায়নি। বরং অনেক যাত্রীই বলেছেন, অন্যান্য বছরের তুলনায় এবার তাঁদের যাত্রায় ভোগান্তি অনেক কম। সবশেষে তাঁরা যে বাড়ি ফিরতে পারছেন, এই আনন্দটাই যেন তাঁদের মধ্যে ঝলমল করছিল।
এক হাতে ব্যাগ, অন্য হাতে সন্তানের ছোট হাত। পাশে স্ত্রী-পরিজন। বাস টার্মিনাল, রাজধানী ঢাকার রাজপথ, এমনকি গলিপথ—সবখানে একই চিত্র। বাসযাত্রা ছিল মোটামুটি নির্বিঘ্ন। পুরো রাজধানী যেন গতকাল বাস টার্মিনালে রূপ নিয়েছিল। দুপুরের পর ঘরমুখী মানুষের স্রোত রাস্তায় নেমে আসে। তবে নগর পরিবহনে বাসসংকটের কারণে টার্মিনাল পর্যন্ত যেতেই তাঁদের গলদঘর্ম হতে হয়েছে। অল্প যেসব বাস, অটোরিকশা ও রিকশা চলেছে, সেগুলোতে ভাড়া আদায় করা হয়েছে কয়েক গুণ।
শেষ মুহূর্তের চাপে গাজীপুর চৌরাস্তা, সাভার বাজার, নবীনগরসহ বিভিন্ন স্থানে গতকাল দুপুর থেকেই যানজটের সৃষ্টি হয়। সন্ধ্যার পর জট এবং ঘরমুখী মানুষের বাসের জন্য অপেক্ষা—দুটিই পাল্লা দিয়ে বেড়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গের এবং বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের যাত্রীদেরই বেশি দুর্ভোগে পড়তে হয়েছে। সে তুলনায় সিলেট ও চট্টগ্রাম পথের যাত্রীদের যাত্রা মোটামুটি স্বচ্ছন্দই ছিল।
পুলিশ, পরিবহনমালিক ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গাজীপুর, সাভার ও আশুলিয়ার পোশাক কারখানাগুলো ছুটি হওয়ার কারণে হঠাৎ শ্রমিকদের চাপ পড়েছে সড়কে। এর ফলেই যানজট হচ্ছে। এ ছাড়া গতকাল ভোর থেকে বৃষ্টি হওয়ায় সড়কের স্থানে স্থানে পানি জমেছে। ভাঙা সড়কের জোড়াতালির মেরামতও অনেক স্থানে উঠে গেছে। এ জন্যই যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না। এগুলোই যানজটের মূল কারণ।
বেলা তিনটার দিকে টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ১০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। কয়েকটি স্থানে সড়কে পানি জমে থাকায় সেখানে বাসগুলো ধীরগতিতে চলছিল। এ ছাড়া হাজার হাজার পোশাকশ্রমিক ঘরে ফেরার লক্ষ্যে রাস্তা পারাপার করছিল। এ জন্যও বাসের গতি কমে যাচ্ছিল। কোনাবাড়ী ও চান্দনা চৌরাস্তায়ও যানজট হয় সড়কে পানি জমে থাকার কারণে। বিকেলে আশুলিয়া-বাইপাইল সড়কের টাঙ্গাইলমুখী যানবাহন হাঁটাগতিতে চলে। নবীনগর থেকে পল্লী বিদ্যুৎ পর্যন্ত যানজট হয় বিকেল থেকে।
বেলা দুইটার দিকে হানিফ পরিবহনের খুলনাগামী বাসের যাত্রীদের গাবতলী টার্মিনালের মুখে উদ্বিগ্ন হয়ে বসে থাকতে দেখা যায়। আড়াইটার দিকে বাস টার্মিনালের গেটে আসার পরই সবার মধ্যে স্বস্তি ফিরে আসে।
যাত্রীরা জানান, বেলা একটায় বাস ছিল। দেড় ঘণ্টা দেরিতে বাসটি এসেছে। এ বিষয়ে হানিফ পরিবহনের গাবতলী কাউন্টারের কর্মী রাজু আহমেদ বলেন, নবীনগরের দিকে যানজট হওয়ায় এ সমস্যা হয়েছে। অন্য বাসগুলো সময়মতোই যাবে।
এ সময় ফরিদপুর-গোপালগঞ্জ পথের সাদ ও সূর্যমূখী এবং চুয়াডাঙ্গা পথের রয়েল পরিবহনের বাসও দেড় থেকে দুই ঘণ্টা দেরিতে ছাড়ে।
নগরে পরিবহনসংকট: গতকাল দুপুর ১২টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রাজধানীর ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, মহাখালী, রামপুরা—সর্বত্র রাস্তার পাশে ব্যাগ হাতে অসংখ্য মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। একটি বাস এলেই হুড়মুড় করে সবাই ওঠার চেষ্টা করছেন। কিন্তু ভেতরে তিল ধারণের ঠাঁই নেই বলে অধিকাংশেরই চেষ্টা বৃথা যায়। অনেককে ভ্যান ও রিকশায় যাতায়াত করতে দেখা গেছে।
বেলা একটার দিকে ফার্মগেটে অন্তত ১০ জন জানান, তাঁদের গন্তব্য গাবতলী। কিন্তু কোনো বাস পাচ্ছেন না। বেলা দুইটায় গাবতলী গিয়ে টার্মিনাল ও এর বাইরে প্রচুর মানুষের ভিড় দেখা গেছে। তাঁদের মধ্যে কেউ ছিলেন দূরের পথের, কেউ অন্য টার্মিনালে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। বেলা সাড়ে তিনটার দিকে মহাখালীর আমতলীতেও একই চিত্র দেখা গেছে।
মহাখালীর আমতলীতে স্ত্রী ও মেয়েকে নিয়ে বাসের জন্য অপেক্ষায় থাকা একটি বায়িং হাউসের কর্মকর্তা রাশেদুল আলম বলেন, সদরঘাট যাওয়ার জন্য এক ঘণ্টা ধরে অপেক্ষা করছেন। এর মধ্যে গুলিস্তান যাওয়ার পাঁচ-ছয়টি বাস গেছে, কিন্তু উঠতে পারেননি ভিড়ের কারণে। অসংখ্য সিএনজিচালিত অটোরিকশা দেখে হাত তুলেও কাজ হয়নি, সবই যাত্রীবোঝাই।
আমতলী সিগন্যালে দাঁড়ানো একটি বাসের চালক মনির হোসেন বলেন, তিনি যে পথে বাস চালান, সেই পথের তিন ভাগের দুই ভাগ বাস দূরের পথে চলে গেছে। অল্প কিছু বাস চলছে। এ জন্যই মানুষ উঠতে পারছে না। পরিবহনসংকটের কারণে অটোরিকশা ও রিকশার ভাড়াও বেড়ে যায় কয়েক গুণ।
ভেঙে পড়েছিল ট্রেনের সময়সূচি: শেষ কর্মদিবসে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া বেশির ভাগ ট্রেনের সময়সূচি ঠিক ছিল না। তবে কয়েকটি ট্রেনের বিলম্ব ছিল অনেক বেশি। এর মধ্যে রাজশাহীগামী ধূমকেতু ট্রেনটি প্রায় তিন ঘণ্টা দেরিতে ছেড়েছে। আর চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ছেড়েছে প্রায় দুই ঘণ্টা পর। সকাল থেকে দুপুর পর্যন্ত ছেড়ে যাওয়া ৩০টি ট্রেনের মধ্যে বেশির ভাগই ৩০ মিনিট থেকে দেড় ঘণ্টা বিলম্বে ছেড়েছে। বেলা দুইটা ৪০ মিনিটে রাজশাহীগামী ট্রেন ধূমকেতুর ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটা ছেড়েছে বিকেল সাড়ে পাঁচটায়। এ ছাড়া দিনাজপুরগামী ট্রেনটিও আড়াই ঘণ্টা দেরিতে ছেড়েছে।
রেলওয়ের মহাপরিচালক তাফাজ্জল হোসেন সাংবাদিকদের বলেছেন, কিছুটা বিলম্ব হচ্ছে। তবে এবার রেল অনেক ভালো যাত্রীসেবা দিচ্ছে। তিনি বলেন, ট্রেনের বিলম্বের কারণে কমলাপুরে ট্রেনজটের কোনো আশঙ্কা নেই।
কমলাপুর রেলস্টেশন থেকে যাত্রীরা ট্রেনের ছাদে উঠতে পারছেন না। তবে ভিন্ন চিত্র দেখা গেল বিমানবন্দর স্টেশনে। এখানে যাত্রীদের ট্রেনের ছাদে ওঠা শেষ সহজ। টার্মিনালের ছাদ বরাবর ট্রেনের ছাদ হওয়ায় যাত্রীরা সহজেই ছাদে ওঠেন।
সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের ভিড়: শেষ মুহূর্তেও সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। তবে টার্মিনালে কয়েকটি রুটের লঞ্চসংকট দেখা দেওয়া এবং টার্মিনালে হকার ও কুলিদের দৌরাত্ম্যে দুর্ভোগের শিকার হয়েছেন যাত্রীরা।
বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, গতকাল ভোররাত থেকেই ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনালে এসে যাত্রীরা ভিড় জমাতে থাকেন। অনেকেই নিজ নিজ গন্তব্যে যাওয়ার উদ্দেশে লঞ্চের ছাদে ও ডেকে মালামাল নিয়ে বসে থাকেন।
দক্ষিণাঞ্চলগামী লঞ্চগুলো আইন অমান্য করে ছাদে অতিরিক্ত যাত্রী নিয়েছে। তা ছাড়া মাঝপথে নৌকা থেকে যাত্রী তোলা হয়। এ ছাড়া গতকাল সকাল থেকে আমতলী, ভোলা, বরগুনাসহ বেশ কয়েকটি রুটের লঞ্চসংকট দেখা দিয়েছে।
পটুয়াখালীগামী সৈকত-১ লঞ্চের যাত্রী ইমরান হোসেন জানান, টার্মিনালে ঢোকার সময় তাঁর ৩০ কেজি ওজনের চটের বস্তা জোরপূর্বক কুলিরা টেনেহিঁচড়ে নিয়ে যান। এরপর লঞ্চের কাছে গেলে কুলি ১৮০ টাকা পারিশ্রমিক দাবি করেন।
সকালে কিছু পোশাকশ্রমিক লঞ্চে উঠে নির্ধারিত সময়ের আগেই লঞ্চ ছাড়ার জন্য চিৎকার করতে থাকেন। পরে লঞ্চ না ছাড়ায় তাঁরা পাতারহাট, ফারহান-৪সহ পাঁচ-ছয়টি লঞ্চের চেয়ার, টেবিল, লাইট ও সাইনবোর্ড ভাঙচুর করেন।
নৌনিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক সাইফুল হক খান বলেন, ‘লঞ্চে অতিরিক্ত যাত্রী বোঝাই হওয়ার আগেই বন্দর থেকে লঞ্চ ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। পরে কিছুদূর গিয়ে যদি মাঝনদী থেকে লঞ্চে যাত্রী ওঠানো হয়, তবে আমাদের কিছু করার থাকে না৷’