আনন্দলোকে ঈদের বারতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজারে অনেক ধরনের কৃত্রিম মেহেদি মিললেও কদর কমেনি প্রাকৃতিক মেহেদির। গতকাল রাজধানীতে মেহেদি পাতা সংগ্রহ করছেন এক যুবক ছবি: প্রথম আলো
বাজারে অনেক ধরনের কৃত্রিম মেহেদি মিললেও কদর কমেনি প্রাকৃতিক মেহেদির। গতকাল রাজধানীতে মেহেদি পাতা সংগ্রহ করছেন এক যুবক ছবি: প্রথম আলো

এই কাঠফাটা রোদ, তো পরক্ষণেই হালকা মেঘ। হাঁটতে হাঁটতে কখনো স্বেদে সিক্ত, আবার কখনো হালকা বর্ষণে ছোটাছুটি। মাথার ওপরে স্নিগ্ধ প্রশান্ত রূপ নিয়ে আকাশ। নিচে পায়ে পায়ে ছুটে চলছে নানা বয়সের মানুষ। এর মাঝে চলতে চলতে হঠাৎ কানে ভেসে এল, কেউ একজন চিৎকার করছে, ‘অ্যাই, গরু আইল, গরু গরু...’!

পুরান ঢাকায় এখন চলতে-ফিরতে এই সতর্কবাণী শোনা যায়। এক হাতে বেত, অন্য হাতে গরুর রশি ধরে ছোটাছুটির দৃশ্যটা চিরচেনা। অবশ্য পুরান ঢাকায় হাটের যে পরিস্থিতি, তাতে গরু নিয়ে ছোটাছুটিরও উপায় নেই।

সত্যিকারের এক উৎসবমুখর পরিবেশ এখন নগরে। পশুর হাটের বেচাকেনা তো আছেই, সঙ্গে আরও আছে নিম্নবিত্ত আয়ের মানুষের জামাকাপড় কেনাকাটা। পাড়ায় পাড়ায় পশুখাদ্য কিংবা পশু কোরবানির কাজে ব্যবহূত নানা জিনিসপত্র বিক্রির ধুম। হেঁটে হেঁটে মেহেদি পাতা বিক্রি করছেন হকাররা। ঈদের আগের রাতে মেহেদি পাতায় রঙিন হবে কোমল হাত।

যদি চানখাঁরপুল দিয়ে পুরান ঢাকায় প্রবেশ করেন, তাহলে মনে হবে পুরো পুরান ঢাকাতেই এখন গরুর হাট বসেছে। চানখাঁরপুলের হাট রেখে চকবাজার পেরোলেই আরমানিটোলা মাঠের হাটের গন্ধ মিলবে। আরমানিটোলা মাঠ থেকে শুরু হয়ে এই হাটটির শেষ কোথায়, তার হিসাব করতে গিয়ে বেশ কষ্ট করতে হবে। অনতিদূরে ধোলাইখালের মাথায় সাদেক হোসেন খোকা মাঠে বসেছে আরেকটি হাট। চারপাশে দেয়াল দেওয়া হলেও তা ছড়িয়ে পড়েছে আশপাশের এলাকায়। আরেকটু এগোলে ধূপখোলা মাঠের চিত্রও এক। হাট ছড়িয়ে পড়েছে আশপাশের অলিগলিতে। কমলাপুরের হাটটি নির্দিষ্ট এলাকার বাইরে এসেছে আরও আগেই। মধুমিতা হলের সামনে থেকে শুরু করে এটি গোপীবাগের বিভিন্ন রাস্তায় ছড়িয়ে পড়েছে। কোথাও রাস্তায় শামিয়ানা টানিয়ে গরু রাখার ব্যবস্থা করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে এ নিয়ে কারও অভিযোগ নেই। কারণ, দু-এক দিনেরই তো ব্যাপার!

দেদার বিকোচ্ছে ফ্রিজ, ক্রোকারিজ সামগ্রী: রাজধানীর স্টেডিয়ামসহ বিভিন্ন এলাকার ইলেকট্রনিকস দোকানগুলোতে গিয়ে দেখা গেছে, ঈদ সামনে রেখে রেফ্রিজারেটরের চাহিদা বেড়েছে। বিশেষ করে ডিপ ফ্রিজের চাহিদা বেশি। এই বাজার-চাহিদাকে কাজে লাগাতে বিশেষ মূল্যছাড় ঘোষণা করেছেন ব্যবসায়ীরা।

ঈদের দিন সকাল থেকেই তো শুরু হবে রসনাবিলাস। কমবেশি সবার ঘরেই অতিথি আসবে। রাজধানীর বিভিন্ন বিপণিকেন্দ্রের ক্রোকারিজের দোকানগুলোতে গিয়ে দেখা গেল, সেখানে রীতিমতো ভিড় লেগে গেছে। বিক্রি হচ্ছে কাপ-পিরিচ সেট, স্যুপের বাটি সেট, গ্লাস ও জগ, ডিনার সেটসহ বিভিন্ন তৈজসপত্র।

নিম্ন আয়ের মানুষের ঈদ: ঈদুল আজহার মূল অনুষঙ্গ পশু কোরবানি হলেও কেনার সাধ্য সবার হয় না। তাই বলে উৎসবের রং স্বল্প আয়ের মানুষের গায়ে লাগবে না, তা হয় না। গতকাল সোমবার নগরের সদরঘাট, গুলিস্তান, যাত্রাবাড়ী, মতিঝিল এলাকার বিপণিকেন্দ্রগুলো ছাড়াও টিকাটুলীর রাজধানী মার্কেট এবং এসব এলাকার দোকানগুলোতে যথেষ্ট ভিড় দেখা যায়। সাধ্য অনুযায়ী নতুন পোশাক কিনেছেন তাঁদের অনেকে।

পশুখাদ্য, গাছের গুঁড়ি: ঘাস-ভুসির কারবার ঠিক শহুরে আবহের সঙ্গে খাপ খায় না। তবে কোরবানির সময় ভিন্ন কথা। পশু কেনার সময়েই তাদের খাদ্যের জোগানোর কাজটি সবাই ভালোভাবেই করেন। রাজধানীতে বরাবরই পশুর হাটের পাশেই গোখাদ্যেরও পসরা বসে। এবারও তার ব্যত্যয় ঘটেনি।

সরেজমিনে দেখা গেল, পশুর হাট ছাড়াও বড় বড় আড়ত ও কাঁচাবাজারের পাশেও এখন গোখাদ্য বিকোচ্ছে দেদার। পাশাপাশি পাড়ায় পাড়ায় বিক্রি হচ্ছে পশুর মাংস কাটার জন্য তৈরি গাছের গুঁড়ি। ঘরের নারী সদস্যদের ফরমাশ অনুযায়ী পুরুষেরা খুঁজছেন মেহেদি পাতা। কিছু কিছু এলাকায় ফুটপাতে মেহেদি পাতা বিক্রি হলেও হকাররা মূলত ফেরি করেই বিক্রি করেন। অনেকে আবার বিপণিকেন্দ্রগুলোতে ছুটছেন কৃত্রিম মেহেদির সন্ধানে। বিক্রেতারা বলছেন, ঝুট-ঝামেলা কম হওয়ার কারণে এখন কৃত্রিম মেহেদির চাহিদা বাড়লেও প্রাকৃতিক মেহেদির কদর এখনো কমেনি।

উৎসবের আয়োজনে প্রিয় নগরের পরিচ্ছন্নতার বিষয়ে চিন্তিত অনেক নগরবাসী। উৎসব শেষে তাঁদের প্রিয় নগরটি যেন দূষণমুক্ত এবং পরিচ্ছন্ন করা হয়, এমন দাবি নগরবাসীর।