আনন্দিত আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের রায়ে তিনি অত্যন্ত আনন্দিত। গতকাল রোববার রায়ের পর প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হলে মুঠোফোনে তিনি প্রথম আলোকে এ কথা জানান।
আইনমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচারের যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তার ফলাফল আমরা এখন পাচ্ছি। মুক্তিযুদ্ধের সময় যাঁরা শহীদ হয়েছেন, এই বিচারের মাধ্যমে তাঁদের খুনিদের শাস্তি হচ্ছে। এ বিষয়টি নিশ্চিত করতে পারায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। একই সঙ্গে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বহুদিন ধরে এদের ফাঁসির কথা ভেবেছি। সেটা এখন হচ্ছে, এ জন্য তৃপ্ত।’
অপরাধী সংগঠনের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের খসড়া কবে মন্ত্রিসভায় উঠবে—জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, তাঁরা চেষ্টা করছেন। এ বিষয়ে পরে বলবেন।