আনন্দে আত্মহারা ডিমলার চারটি ছিটমহলের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এত দিন আমরা খাঁচায় বন্দী পাখির মতো ছিলাম, এখন মুক্ত আকাশের নিচে নাম-পরিচয় নিয়ে ঘুরব। দীর্ঘদিন পর হলেও আমাদের অপেক্ষার অবসান হচ্ছে, এর চেয়ে বড় আনন্দের আর কী থাকতে পারে?’
কথাগুলো বলছিলেন নীলফামারীর ডিমলা উপজেলার অভ্যন্তরে থাকা ভারতীয় ৩১ নম্বর বড় খানকিনগর জিগাবাড়ী ছিটমহলের বাসিন্দা শরিফুল ইসলাম (৫৫)। তাঁর মতোই আনন্দে আত্মহারা ডিমলার অভ্যন্তরে থাকা চারটি ভারতীয় ছিটমহলের ১১৯টি পরিবারের ৫৪৫ জন। এর মধ্যে পুরুষ ২৮১ ও নারী ২৬৪ জন। আজ মধ্যরাতে আনুষ্ঠানিকভাবে তাঁরা বাংলাদেশের অংশ হয়ে যাবেন। অন্য তিনটি ছিটমহল হলো ২৮ নম্বর বড় খানকিনগর গিদালদহ ছিটমহল, ২৯ নম্বর বড় খানকিনগর খারিজা গিদালদহ ও ৩০ নম্বর বড় খানকিনগর গিদালদহ ছিটমহল।
২৮ নম্বর বড় খানকিনগর গিদালদহ ছিটমহলের বাসিন্দা বাচাতন বেগম (৫০) বলেন, ‘অনেক কষ্ট কইরছি। রাস্তা, পুল, স্কুল-কলেজ কিছুই নাই। ছিটের পরিচয় দিলে সরকারি হাসপাতালে চিকিৎসাও দেয় নাই। এখানেই আমার জন্ম, ভারতের নাগরিক হলেও জীবনে একবারও ভারতের ভেতরে যাইতে পারি নাই। এখন হামরা কুনদিন বাংলাদেশের নাগরিক হমো, সেই দিনটার জন্য অপেক্ষা করছি।’
ওই চারটি ছিটমহলের স্থানীয় নাম আজোয়ারপাড়া। বাসিন্দাদের বলা হয় আজোয়ারপাড়ার মানুষ। কিন্তু তাঁদের এই পরিচয়ের সঠিক ব্যাখ্যা কেউ দিতে পারেননি। তবে ২৯ নম্বর বড় খানকিনগর খারিজা গিদালদহ ছিটমহলের বাসিন্দা আব্দুল আলীম (৩০) বলেন, ‘আমাদের রেকর্ড না থাকায় গ্রাম্য ভাষায় আজোয়ার বলা হতো।’ তিনি বলেন, ‘আমরা ছিটমহলের দেওয়া নাম আর রাখতে চাই না। আমরা আমাদের গ্রামের নতুন নাম দিতে চাই। আর আমাদের দাবি, সরকার সহজ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের জমিগুলো আমাদের নামে করে দিক।’
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, ২০১১ সালের জনগণনার সূত্র ধরে এবারের জনগণনায় ১১৯টি পরিবারের কেউ বাদ পড়েনি। নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, জনগণনার চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী নীলফামারীর অভ্যন্তরে থাকা ভারতীয় চারটি ছিটমহলের কোনো ব্যক্তি বা পরিবার ভারতে যেতে চায়নি। তারা প্রত্যেকে বাংলাদেশের নাগরিকত্ব পেতে নিবন্ধন করেছে। ওই চারটি ছিটমহলের মোট জমির পরিমাণ ১০৮ একর বলে জানান তিনি।
নীলফামারীর পুলিশ সুপার মো. জাকির হোসেন খান বলেন, ছিটমহল বলতে আর কিছু থাকবে না। সেখানকার বাসিন্দাদের কোনো সমস্যা হলে বাংলাদেশের প্রচলিত আইনে মামলা-মোকদ্দমা করতে পারবে। আইনশৃঙ্খলা রক্ষায় দেশের বিভিন্ন জেলার মানুষের মতো তারাও পুলিশের সব রকম সহযোগিতা পাবে।