আনন্দে আলোচনায় বিশ্ব শিশু কন্যা দিবস পালিত
প্রশাসনসহ নানা সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে গতকাল রোববার সারা দেশে বিশ্ব কন্যা শিশু দিবস পালিত হয়েছে। ‘কন্যা শিশুর নিরাপদ পরিবেশ, সমৃদ্ধ করবে আগামীর বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে বেলুন উড়িয়ে, নেচে-গেয়ে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে দিনটি পালিত হয়। আমাদের প্রতিনিধি ও আঞ্চলিক কার্যালয় থেকে পাঠানো সংবাদ:
পঞ্চগড়: জেলা শিশু একাডেমী তিন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। গতকাল সকালে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম আজম। প্রথম দিনে শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র তৌহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন মো. আকতারুজ্জামান।
দিনাজপুর: জেলা প্রশাসন ও শিশু একাডেমী যৌথভাবে দিবসটি উদ্যাপন করে। সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৌহিদুল ইসলাম শিশুদের সঙ্গে মিলে বেলুন উড়িয়ে দিবসটির সূচনা করেন। ছিল শিশু সমাবেশ। এতে সভাপতিত্ব করেন জেলা শিশু-বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম। সমাবেশে প্রধান অতিথি তৌহিদুল ইসলাম ছাড়াও বক্তব্য দেন ছফর আলী, সফিকুল ইসলাম প্রমুখ।
হাতীবান্ধা (লালমনিরহাট): উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পারুলিয়া তফসিলি স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ওই খেলায় উত্তর পারুলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় পারুলিয়া তফসিলি স্কুল অ্যান্ড কলেজকে ২-১ গোলে হারিয়ে জয়লাভ করে। পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন আবদুল মান্নান, আতিকুর রহমান, অনিল চন্দ্র রায়, প্রদীপ ভাদুরী প্রমুখ।
বিরামপুর (দিনাজপুর): উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা-বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়। উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন আকতারা হোসেন চৌধুরী, হোসনে আরা প্রমুখ।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও): বেলা ১১টায় স্থানীয় সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এক সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ ইয়াসীন আলী। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা সাংসদ সেলিনা জাহান এবং সাবেক সাংসদ ইমদাদুল হক। সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সারোয়ার মুর্শেদ।
সৈয়দপুর (নীলফামারী): উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা-বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউএনও আবু ছালেহ মো. মুসা জঙ্গী। উপজেলা মহিলা-বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন হোমায়রা মণ্ডল, সাবিহা বেগম, আবদুল্লাহ সরকার, ওয়াহিদা খাতুন প্রমুখ।