আনন্দে ভাসছেন ময়মনসিংহ গার্লস ক্যাডেটের কৃতীরা
‘এমন ভালো ফলাফল আমরা সবাই আশা করেছিলাম। পেয়েছি, এটাই বড় কথা। অনেক কষ্ট করেছি, বাবা-মা ও শিক্ষকেরাও অনেক কষ্ট করেছেন।’ এভাবেই প্রতিক্রিয়া জানান এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের ক্যাডেট রিফাত সুলতানা।জিপিএ-৫ পাওয়া অপর এক শিক্ষার্থী ওয়ালিদা ওয়াহাব সাফা বলেন, ‘এসএসসিতেও জিপিএ-৫ পেয়েছিলাম। দুবারের সাফল্যের আনন্দ দুই রকম। কারণ, তখন সামনে কোনো অনিশ্চয়তা ছিল না। এখন কোথায় ভর্তি হব, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।’ জিপিএ-৫ পাওয়া ক্যাডেট হূদিতা বলেন, ‘সবার আগে ভালো মানুষ হতে চাই। আর এ সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে প্রকৌশলী হতে চাই।’ ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জানতে পারেন, এবারের এইচএসসি পরীক্ষায় এই প্রতিষ্ঠানটি ঢাকা বোর্ডে প্রথম হয়েছে। সঙ্গে সঙ্গে তাঁরা আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যে জিপিএ-৫ পাওয়া ক্যাডেটদের অনেকে অভিভাবকদের নিয়ে কলেজে জড়ো হতে থাকেন। এ সময় ক্যাডেট, শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও কর্মকর্তা-কর্মচারীরা আনন্দে ফেটে পড়েন। কিছুক্ষণের মধ্যে কলেজে অধ্যয়নরত অন্য ক্যাডেটরাও এসে আনন্দে শামিল হন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা উল্লাস প্রকাশ করে দুই হাত ওপরে তুলে বিজয় চিহ্ন দেখান এবং একে অপরকে জড়িয়ে ধরেন। ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ সূত্রে জানা যায়, এই কলেজ থেকে এবারের পরীক্ষায় মোট ৫০ জন ক্যাডেট বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেন এবং সবাই পাস করেন। জিপিএ-৫ পাওয়ার হার ৯৬ শতাংশ। ক্যাডেটদের মধ্যে ৪৮ জন সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছেন। প্রতিষ্ঠার পর থেকে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের এটাই সবচেয়ে ভালো ফলাফল। ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের অ্যাডজুট্যান্ট মেজর ইকরামুল গনি খান বলেন, ‘ফলাফলে আমরা সবাই অভিভূত। আমরা এমন একটি সাফল্যের অপেক্ষায় ছিলাম।’ কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. আসাদুজ্জমান সুবহানী বলেন, শিক্ষকমণ্ডলী, ক্যাডেট, অভিভাবক ও কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রয়াসেই অসামান্য এ সাফল্য এসেছে। কলেজের হাউস মাস্টার সহযোগী অধ্যাপক রাবেয়া খানম বলেন, ‘আমরা সকাল থেকে রাত অবধি শিক্ষার্থীদের প্রতি খেয়াল রেখেছি। আজ ফলাফলের মাধ্যমেই প্রতিদান দিয়েছে তারা।’ আনন্দ-উচ্ছ্বাস প্রকাশে পিছিয়ে ছিলেন না অভিভাবকেরাও। এক অভিভাবক আরেক অভিভাবককে জড়িয়ে ধরেন। কেউ আবার কেঁদে ফেলেন। অভিভাবক ফেরদৌসী জেসমিন বলেন, খুবই ভালো লাগছে। কলেজে অধ্যয়নরত দশম শ্রেণীর ক্যাডেট তাহসীন বড় বোনদের অভাবনীয় সাফল্যে অনেক খুশি। সে বলে, তাঁদের এ সাফল্য ভবিষ্যতে ধরে রাখতে নিশ্চয়ই আমাদের অনুপ্রাণিত করবে।