আনন্দে মেতেছিল বরেন্দ্রা গ্রাম
চার-পাঁচ বছরের শিশু থেকে ৭৫-৮০ বছর বয়সী নারী-পুরুষ দিনব্যাপী বিজয় দিবসের আনন্দে মেতেছিলেন বরেন্দ্র অঞ্চলের নিভৃত গ্রাম নাচোলের বরেন্দ্রায়। আদিবাসী-বাঙালিদের এই গ্রামটিতে উভয় সম্প্রদায়ের মিলনমেলাও বসেছিল গ্রামের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। মেলার আদলে বসেছিল মিঠাই-মণ্ডা, শিশুদের বেলুন-বাঁশির খেলার দোকান। জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। শুরুতে মুক্তিযুদ্ধে শহীদদের সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সংক্ষিপ্ত আলোচনার পর সব বয়সী প্রতিযোগীকে নিয়ে ৩০ ধরনের খেলাধুলার প্রতিযোগিতায় সাজানো হয় বিজয় দিবসের আনন্দ আয়োজন। বাড়ি-বাড়ি থেকে নতুন ধান তুলে ১৯৭৪ সাল থেকে এ আনন্দ মেলার আয়োজন করে আসছে গ্রামের আদিবাসী-বাঙালিরা।খেলাধুলার মধ্যে উল্লেখযোগ্য হলো: পুকুরে হাঁস ছেড়ে সাঁতরে এদের ধরা, গ্রামের বিরাট দিঘিতে সাঁতার, দাড়িওয়ালাদের থালায় আটার ভেতরে লুকিয়ে রাখা চকলেট মুখ দিয়ে বের করে দৌড়, নারী-পুরুষ-বয়স্কদের চোখ বেঁধে হাড়ি ভাঙা, শিশুদের বিস্কিট-দৌড়, খড় দিয়ে বানানো দড়ি খেলা প্রভৃতি।চকলেট-দৌড়ে অংশ নেওয়া লায়েক উদ্দীন হাজি (৮০) প্রথম আলোকে বলেন, ‘আজকের দিনে গ্রামের মানুষের আনন্দ দেখে নিজেরও খুব আনন্দ হয়। বয়সটা কমে যায় মনে হয়।’ দেশ স্বাধীন করার জন্য মুক্তিযোদ্ধাদের কথা, জনগণের সংগ্রাম, ত্যাগ-তিতিক্ষার কথা মনে হয় তাঁদের। গ্রামের কিশোরী, তরুণী ও গৃহবধূরা সেজেগুজে অনুষ্ঠানে অংশ নেন। মাথায়-খোপায় ফুল গুজে আসা তরুণী সাজিদা প্রথম আলোকে জানান, গ্রামের সবাই এ দিনটার জন্য অপেক্ষা করে থাকে।