রাজধানীর ধোঁয়াশায় ঢাকা, যানজটকবলিত পথ আর ইমারতের জঙ্গলে প্রকৃতির রূপ বদলটা চোখে পড়া কঠিন হলেও মানুষের মনে ফাল্গুনের মাতাল হাওয়া বইতে ভুল করে না কখনো। গতকাল শনিবার পয়লা বসন্তে আবারও প্রমাণিত হলো তা। রাজধানীর পরিচিত উত্সবকেন্দ্রগুলো হয়ে উঠেছিল বাসন্তী রঙে রঙিন।বসন্ত নিজেকে মেলে ধরেছিল কখনো বর্ণিল সাজে সজ্জিত মঞ্চে, কখনো রাজপথে তরুণ-তরুণীর পরনের লাল-হলুদের চকিত আভায়। কবি যেমন বসন্তের জন্য ফুল ফোটার ওপর শর্ত আরোপ করেননি, তেমনি শর্ত নেই বসন্ত উদ্যাপনেও। বসন্তের প্রথম দিনটি হয়ে উঠেছিল সবার জন্যই উত্সবমুখর। ছুটির দিন হওয়ায় উত্সবের রঙে পড়ে বাড়তি পোচ।জাতীয় বসন্ত উত্সব উদ্যাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত ‘বসন্ত উত্সব’ ছিল এদিনের বড় আয়োজন। চারুকলা ইনস্টিটিউটের বকুলতলা আর রবীন্দ্রসরোবর মঞ্চ আলো করে তুলেছিলেন বাসন্তীবসনা নারী ও তাঁদের সঙ্গীরা। অনেক রাত পর্যন্ত গান, নাচ, আবৃত্তি আর ‘বসন্তকথন’ মিলিয়ে পুরো অনুষ্ঠানটি ছিল সত্যিকারের প্রাণের উত্সব।শুরুতেই সকাল সাতটায় ছিল পরিষদের ‘এসো মিলি প্রাণের উত্সব’ অনুষ্ঠান। এরপর সকাল সাড়ে ১০টা পর্যন্ত চলে রবীন্দ্র ও নজরুলসংগীত, লোকগান, নাচ, আবৃত্তি আর বসন্তকথন নামের বসন্তবন্দনা। বসন্তকথনে অংশ নেন আলী যাকের, কাজী আরিফ ও সফিউদ্দিন আহমেদ। বিকেল চারটায় শুরু হয় দ্বিতীয় পর্ব। বিকেলে চারুকলার পাশাপাশি যোগ হয় ধানমন্ডির রবীন্দ্রসরোবরের অনুষ্ঠান।উত্সবে দলীয় সংগীত পরিবেশন করে ছায়ানট, সুরতীর্থ, সুরসপ্তক, সুরকন্যাসহ বিভিন্ন সংগঠন। দলীয় নৃত্য পরিবেশন করে নটরাজ, নৃত্যম ও নৃত্যনন্দন। গান গেয়েছেন লুভা নাহিদ চৌধুরী, তপন মাহমুদ, মিতা হক, সুমা রানী রায়সহ অনেকে।শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের বটতলায় ‘সমগীত সংস্কৃতি প্রাঙ্গণ’ও আয়োজন করে বসন্ত উত্সবের। সমগীতের শিল্পীদের পাশাপাশি সংগীত পরিবেশন করেন কফিল আহমেদ, কৃষ্ণকলি, সজীব ও শিমুল জামান।বসন্ত সাংস্কৃতিক জোটের অনুষ্ঠানেওকেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সম্মিলিত সাংস্কৃতিক জোটের একুশের অনুষ্ঠানমালায়ও বসন্তের ছোঁয়া লেগেছিল। শিল্পীদের মুখে ছিল বসন্তের গান। শিল্পী-দর্শকের পোশাকে ছিল বসন্তের রং।১৪ দিনব্যাপী অনুষ্ঠানমালার গতকাল ছিল ষষ্ঠ দিন। বিকেলের এ অনুষ্ঠানে দলীয় সংগীত পরিবেশন করে সুরতাল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম ও বিশ্বকলা কেন্দ্র। একক সংগীত পরিবেশন করেন ফকির আলমগীর, তপন মাহমুদ ও শেখ মিলন। দলীয় আবৃত্তিতে ছিল মুক্তধারা আবৃত্তিচর্চা কেন্দ্র, স্রোত ও মুক্তবাক।একক আবৃত্তি শোনান অনন্যা লাবণী, ইস্তেকবাল হোসেন, তামান্না সারোয়ার ও ফখরুল ইসলাম।এ ছাড়াও গতকাল ছিল শিশু সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর ও কিচিরমিচিরের সংগীত ও নৃত্যনাট্যের পরিবেশনা। পথনাটক পরিবেশন করে নাট্যযোদ্ধা ও অবয়ব।চট্টগ্রামে বসন্তবরণচট্টগ্রাম থেকে নিজস্ব প্রতিবেদক জানান, নেচে-গেয়ে বসন্তকে বরণ করে নিয়েছে চট্টগ্রামের সংস্কৃতিপ্রেমী মানুষ। বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে সকালে ডিসি হিলে এবং বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মাঠে মানুষের ভিড় জমে। আবহমান বাংলার সংস্কৃতির নানা দিক দিয়ে সাজানো হয় বসন্ত উত্সব মঞ্চ। ঢোল-বাঁশি, তবলা লহড়া, যন্ত্রসংগীত, একক ও দলীয় নৃত্য এবং আবৃত্তি দিয়ে সাজানো হয় সারা দিনের অনুষ্ঠান।সকাল থেকে হলুদ সাজে আসা তরুণ-তরুণীদের ভিড়ে ডিসি হিল ভরে ওঠে। এখানে অনুষ্ঠানের আয়োজন করে বোধন আবৃত্তি পরিষদ। বিপ্লবী বিনোদবিহারী চৌধুরীর বসন্ত উত্সবের উদ্বোধন করার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি বলে জানান আয়োজকেরা। তবে দিনের অন্য কর্মসূচি যথারীতি অনুষ্ঠিত হয়।দিনের প্রথমার্ধের অনুষ্ঠান শেষে কয়েক শ তরুণ-তরুণী ঢোল-বাজনা বাজিয়ে ডিসি হিল থেকে আনন্দ মিছিল বের করে এবং নেচে-গেয়ে চট্টগ্রাম প্রেসক্লাবে যায়। এ সময় তারা নানা ধরনের মুখোশ পরে ও ফেস্টুন বহন করে।এ ছাড়া জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে দুই দিনব্যাপী চট্টগ্রাম উত্সব শেষ হয় গতকাল। অনুষ্ঠানসূচির মধ্যে ছিল চট্টগ্রামের প্রাচীন কবিদের কবিতা আবৃত্তি, চট্টগ্রাম অঞ্চলের বিয়ের গান, চট্টগ্রামের নির্বাচিত গীতিকার ও নির্বাচিত শিল্পীদের গান, সাম্পান মাঝির গান, লোক কাহিনিভিত্তিক নাটক, কবিগান ও আদিবাসীদের নৃত্য। উত্সবে চট্টগ্রামের আঞ্চলিক গানের দুই গীতিকার আবদুল গফুর হালি ও সৈয়দ মহিউদ্দিনকে সম্মাননা পদক দেওয়া হয়।অটিস্টিক শিশুদের সাহায্যের জন্য অনুষ্ঠানছায়ানটে ছিল অটিস্টিক শিশুদের সাহায্যার্থে এক অনুষ্ঠান। প্রদীপ জ্বেলে ও জাতীয় সংগীত দিয়ে শুরু হয় অনুষ্ঠান। তারপর গাইলেন লিলি ইসলাম। বসন্তকে স্বাগত জানিয়ে তিনি শোনান তিনটি গান। শিল্পী ফেরদৌসী রহমান শুভেচ্ছা বক্তব্য দেন। ঋতুরাজ বসন্তের প্রথম দিনে এ অনুষ্ঠানে সবার উপস্থিতি ভালো কাজে আরও বেশি উত্সাহ জোগাবে বলে আশা প্রকাশ করলেন তিনি। ইনার হুইল ক্লাব ছিল এর আয়োজক। অনুষ্ঠানের শিল্পী তালিকায় ছিলেন সুবীর নন্দী, লিলি ইসলাম, নকীব খান, নাশিদ কামাল, লীনা তাপসী খান, লিখন ও নাদিয়া। উপস্থিত ছিলেন ওপার বাংলার শিল্পী মালা দেব বর্মণ।