আনন্দের একদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় শিশু দিবস ছিল গতকাল। ছকবঁাধা জীবন থেকে একটু হাঁফ ছেড়ে যেন বাঁচা। দিনটি হেসে-খেলে ও গেয়ে কাটিয়েছে ছোট ম​িণ নিবাসের শিশুরা। ছবিটি চট্টগ্রাম নগরের রৌফাবাদ ছোট মণি নিবাস থেকে তোলা l প্রথম আলো
জাতীয় শিশু দিবস ছিল গতকাল। ছকবঁাধা জীবন থেকে একটু হাঁফ ছেড়ে যেন বাঁচা। দিনটি হেসে-খেলে ও গেয়ে কাটিয়েছে ছোট ম​িণ নিবাসের শিশুরা। ছবিটি চট্টগ্রাম নগরের রৌফাবাদ ছোট মণি নিবাস থেকে তোলা l প্রথম আলো

ছোট মণি নিবাসের খেলাঘরে বসে পাহাড়ের ছবি আঁকছিল ছয় বছরের পিংকি। ছবি আঁকতে ভালোবাসে সে। পিংকিসহ আরও কয়েকটি শিশু যখন ওই ঘরে ছবি আঁকায় ব্যস্ত, তখন খেলনা ঘোড়ায় চড়ে বারান্দায় দাবড়ে বেড়াচ্ছিল মিনহাজ, মিতু, রাকিবরা। আর সময় পেলেই কেঁদে গড়াগড়ি খাওয়া ছোট্ট জান্নাতও কাল সব ভুলে ছোটাছুটি করছিল। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরের রৌফাবাদের ছোট মণি নিবাসের অবস্থা ছিল এমনই।
এই শিশুদের জীবন ছকে বাঁধা। খেলাধুলা আর বিনোদনের জন্য দিনে সময় বরাদ্দ থাকে মাত্র ৪৫ মিনিট। এর বাইরে রাতে ৪৫ মিনিট টিভি দেখার সুযোগ পায় তারা। তবে গতকাল ছিল একটু ব্যতিক্রম। খেলাধুলা, ছবি আঁকা আর নাচ-গানে দিনটা কেটেছে তাদের।
বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস তাদের ছোট্ট জীবনে বাড়তি আনন্দের উপলক্ষ হয়ে এসেছিল। দুপুরের খাবার ছিল পোলাও, মুরগি আর ডিম। রাতে মাছ, ভাত, সবজি, ডাল। এতেও আনন্দ শিশুদের। শিশু রাত্রি তো বলেই ফেলল, ‘পোলাও ভাত আমার বেশি প্রিয়।’ সরকারি বিশেষ ছুটির দিন ছাড়া এমন খাবার জোটে না তাদের।
হারিয়ে যাওয়া বা কুড়িয়ে পাওয়া শিশুর আশ্রয় জোটে ছোট মণি নিবাসে। মা কারাগারে রয়েছেন, এমন শিশুদেরও আদালতের নির্দেশে এখানে পাঠানো হয়। পাঁচ বছর বয়স থেকে তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হয়। একটু বড় হলে (আট বছর) ছোট মণি নিবাসের শিশুদের পাঠানো হয় সরকারি শিশু পরিবারে। ছোট মণি নিবাসে থাকা ৪০ শিশুর মধ্যে ১১ জনই প্রতিবন্ধী। সবচেয়ে ছোট শিশুর বয়স আট মাস। জন্মের পর প্রতিবন্ধী এই শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ফেলে যায় কেউ। ছোট মণি নিবাসে এসে নাম পেয়েছে শিশুটি। ওর নাম ‘বিবি মরিয়ম’।
ছোট মণি নিবাস সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত হয়। অধিদপ্তরের উপপরিচালক বন্দনা দাশ বলেন, ‘মা-বাবার শূন্য স্থান তো আর অন্য কেউ পূরণ করতে পারে না। তারপরও শিশুদের সর্বোচ্চ ভালোবাসা, স্নেহ দেওয়ার চেষ্টা করি আমরা। শিশু দিবসে বাড়তি আনন্দ আর স্বাধীনতার স্বাদ পায় এখানকার শিশুরা।’
শিশু দিবসে গতকাল বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সমাজসেবা অধিদপ্তর। সে অনুষ্ঠানে সরকারি শিশু পরিবারের সদস্যদের পাশাপাশি ছোট মণি নিবাসের বাসিন্দাদেরও গাইতে হবে। বেলা আড়াইটার দিকে তাই মহড়ায় ব্যস্ত হয়ে পড়ে শিশুরা। মাথা দুলিয়ে দুলিয়ে ‘লাল ঝুঁটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরুণী আর আয়না’ এই গানটি বেশ কয়েকবার গায় তারা। তবে একটি গানে কি আর মন ভরে? সাত বছর বয়সী জান্নাতুল ফেরদৌস যখন ‘আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে’ একাকী গাইতে শুরু করে, তখন তাল মেলায় অন্যরাও। জান্নাতুল গান গাইতে ভালোবাসে। হারমোনিয়াম বাজাতেও শিখেছে কিছুটা। তবে দুই বছর ধরে গানের শিক্ষক না থাকায় পুরোটা রপ্ত করতে পারেনি সে। কিছুদিন পরেই শিশু পরিবারে চলে যাবে সে। এ নিয়ে ওর মন খারাপ। তবে এইটুকু সান্ত্বনা, সেখানে গানের শিক্ষক আছেন। ছোট মণি নিবাসের উপতত্ত্বাবধায়ক ফাহমিদা আকতার চৌধুরী বলেন, কোনো শিশু যদি তার পরিবারে ফিরতে পারে, তাহলে আমাদের ভালো লাগে। এখানে ৪০ শিশুর মধ্যে ৩০ জনেরই মা-বাবার খোঁজ পাওয়া যায়নি। কেউ কেউ মা-বাবার নাম বলতে পারে। তবে অনেকে সময়ের সঙ্গে সঙ্গে ভুলতে বসেছে তাদের বাবা-মাকে।