আনন্দের কেনাকাটায় যানজটেরবেদনা

‘সকাল সাড়ে ১০টায় মিরপুর থেকে রওনা দিয়ে নিউমার্কেটে পৌঁছাতে সময় লেগেছে আড়াই ঘণ্টা। এখন বেলা একটা। কখন দেখব, পছন্দ করব, কখন কিনব? এদিকে বাসায় গিয়েও ইফতারির ব্যবস্থাও করতে হবে।’
প্রচণ্ড যানজটে নাকাল রাহেলা খাতুন গতকাল বৃহস্পতিবার নিউমার্কেটের সামনে দাঁড়িয়ে এই প্রতিবেদককে কথাগুলো বলছিলেন। তাঁর অভিযোগ, চলতি সপ্তাহের প্রথম দিন থেকেই প্রচণ্ড যানজট। স্কুল বন্ধ, বিভিন্ন দপ্তরের কাজের সময় এগিয়ে গেছে, এর পরও অসহনীয় যানজট। এর সঙ্গে যুক্ত হয়েছে গরম।
এদিকে এগিয়ে আসছে ঈদের দিন। রাহেলার সঙ্গে সায় দেন মেরাদিয়ার বাসিন্দা ঝিলমিল ও রানু। মায়ের কাছ থেকে টাকা নিয়ে প্রায় পৌনে দুই ঘণ্টার জট ঠেলে দুই বান্ধবী ঈদের কেনাকাটা করতে এসেছেন। কিন্তু মায়ের বেঁধে দেওয়া সময় শেষ হয়ে যাওয়ায় কেনাকাটা না করেই বাসায় ফিরে যাচ্ছেন তাঁরা।
ঈদে সামর্থ্য অনুযায়ী পছন্দমতো কেনাকাটা করতে চান সবাই। কিন্তু ঠিক জায়গায় পৌঁছে কেনাকাটা করতে পারছেন না অনেকেই। কারণ যানজট।
বনানীর বাসিন্দা ফারজানা আক্তার জানালেন, তিনি ধানমন্ডি সানরাইজ প্লাজায় বাচ্চাদের পোশাক কিনতে এসেছেন আড়াই ঘণ্টার জট ঠেলে। অথচ বনানী থেকে ধানমন্ডি আসতে সময় লাগে মাত্র ৩০ মিনিট।
বর্ষীয়ান হেলাল উদ্দীনের অভিযোগ, বাংলাদেশে কোনো নিয়ম বা পরিকল্পিত শপিং সেন্টার নেই। ফলে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও অপরিকল্পিত। এতে করে পথ চলতি রাস্তার অর্ধেকই জুড়ে থাকে ক্রেতাদের গাড়ির ভিড়।
মোহাম্মদপুর আসাদগেটের সিগন্যালে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্য মো. হাবিব জানান, মূলত বিপণিবিতানকেন্দ্রিক যানজট রয়েছে। কিন্তু অপরিকল্পিত গাড়ি পার্কিং, হেঁটে চলা মানুষের ভিড়ের ফলে গাড়ির ধীরে চলাসহ বিভিন্ন কারণে ওই যানজট ছড়িয়ে পড়ে অন্য এলাকাতেও। এমনিতেই নগরে প্রয়োজনের তুলনায় সড়ক কম। তাই একটি রাস্তায় জট বাঁধলে তা অন্য দিকেও ছড়িয়ে পড়ে।
আসাদগেটের আড়ং থেকে শুরু করে ধানমন্ডি ২৭ থেকে ৩২ পর্যন্ত মিরপুর প্রধান সড়কে রয়েছে জেনেটিক প্লাজা, রাপা প্লাজা, সানরাইজ প্লাজা, প্লাজা এ আর এবং মেট্রো শপিং সেন্টার। এরপর কলাবাগানের লাজফার্মার পর থেকে নিউমার্কেট পর্যন্ত রয়েছে বেশ কয়েকটি ব্যস্ত হাসপাতাল এবং আলমাস-প্রিয়সহ বেশ কয়েকটি জনপ্রিয় ব্যস্ত মনিহারি দোকান। ফলে এ রাস্তায় গাড়ির ভিড় ও যানজট প্রায়ই লেগে থাকে। এদিকে এলিফ্যান্ট রোডে রয়েছে একাধিক নামী পোশাক বিক্রেতাপ্রতিষ্ঠান। সঙ্গে বিভিন্ন চমকের জুতার দোকান তো রয়েছে। একটু সামনে এগিয়ে আজিজ মার্কেট। এখানকার টি-শার্ট, ফতুয়া তরুণ প্রজন্মের বেশ পছন্দনীয়। ফলে ক্রেতাদের ভিড় ও তাঁদের গাড়ির ভিড় দুটোই রয়েছে।
রাজধানীর গুলশান-বনানীর মার্কেটগুলোতেও বেশ ভিড়। ওই সব এলাকায় নিজস্ব নিরাপত্তাকর্মীরা ক্রেতাদের গাড়ি শৃঙ্খলাবদ্ধ করে মোটামুটি যানজট কমিয়ে রাখছেন। তার পরও বনানী ১১ থেকে গুলশান-২-এর মোড়ে আসতে প্রায় এক ঘণ্টা সময় লাগছে। বনানী অঞ্জনস থেকে জামা কিনে মায়ের হাত ধরে বাড়ি যাচ্ছে নীরা (৯)। কিন্তু তার মা সোনালীর মেজাজ খারাপ। সকালে মিরপুরের বাসা থেকে বেরিয়েছেন। যানজটে গেছে প্রায় আড়াই ঘণ্টা। এখন কেনাকাটা শেষ করার পর বাজে সাড়ে চারটা। তিনি ইফতারের আগে বাসায় পৌঁছাতে পারবেন কি না, তা নিয়ে চিন্তিত।