আনন্দের দিনে শোকের কাব্য
জেনির বাগদান হওয়ার কথা ছিল গতকাল শুক্রবার। এ জন্য তার বাবা মোতালেব হাওলাদার ঢাকাতে কেনাকাটাও করেছিলেন। কথা ছিল, বৃহস্পতিবার তিনি বাড়ি আসবেন। কিন্তু তাঁকে বাড়ি ফিরতে হয় মঙ্গলবার রাতে, এসে দেখেন মেয়ের নিথর দেহ। আর কাল জেনির বিয়ের দিনে পুরো পরিবার যেন শোকে অসাড়।বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের ছোট ভাইজোড়া গ্রামের মাদ্রাসাছাত্রী জেনি আক্তারকে (১৫) গত সোমবার রাতে ধর্ষণ ও নির্যাতন করে প্রতিবেশী এক বখাটে। ভোরে তার লাশ পাওয়া যায় বাড়ির পেছনে গাছে ঝুলন্ত অবস্থায়।গতকাল শুক্রবার জেনিদের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়িজুড়ে শোক আর থেমে থেমে কান্না। জেনির মা হাসিনা খানম ও বড় বোন মনি আক্তার ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন আর বারবার মূর্ছা যাচ্ছেন। বাড়ির সামনের বারান্দায় নির্বাক বসে আছেন বাবা মোতালেব হাওলাদার। শুধু জেনিদের বাড়ি নয়, পুরো গ্রামেই শোকের ছায়া। চারদিকে মন খারাপ করা পরিবেশ।জেনির পরিবার জানায়, প্রতিবেশী ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও বামনা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম হায়দার হেমায়েত মৃধার বখাটে ছেলে গোলাম হায়দার জিসান মৃধা ওরফে তাপুর উৎপাতে বাধ্য হয়ে মাত্র ১৫ বছর বয়সেই জেনির বিয়ে ঠিক করা হয়েছিল। মঠবাড়িয়া উপজেলার এক ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়। গতকাল বাগদান হওয়ার কথা ছিল।অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোতালেব হাওলাদার বলেন, ‘বড় মেয়েটাকে ওদের উৎপাতে লেখাপড়া করাতে পারিনি। এরপর স্বপ্ন দেখেছিলাম, জেনি লেখাপড়া করে বড় হবে। ধুমধাম করে বিয়ে দেব। কিন্তু বখাটে তাপুর উৎপাতে বাধ্য হয়ে মেয়ের বিয়ে ঠিক করেছিলাম। ভেবেছিলাম বিয়ে দিতে পারলে একটু নিশ্চিত হতে পারব। কিন্তু তার আগেই ওই বখাটে আমার সব শেষ করে দিল।’মোতালেব হাওলাদার বলেন, ‘বখাটে তাপুর বাবা ক্ষমতাসীন দলের নেতা। ক্ষমতা ও অর্থের দাপট খাটিয়ে তারা ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। জানি না, আমরা ন্যায় বিচার পাব কি না।’জেনির মায়ের ভাষ্য অনুযায়ী, গত সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তাপু ও তার সহযোগীরা জেনির ঘরের জানালা ভেঙে ভেতরে ঢুকে তাকে ধর্ষণ করে। তিনি বাধা দিতে গেলে তারা তাঁকে পিটিয়ে আহত করে। এরপর মেয়েকে রক্ষার জন্য তিনি তাপুর বাড়িতে গেলে তাপুর বাবা ও পরিবারের সদস্যরা তাঁকে দেড় ঘণ্টা আটকে রাখে। ভোর পাঁচটার দিকে ছাড়া পেয়ে বাড়িতে এসে দেখেন জেনির লাশ বাড়ির পেছনে বাতাবিলেবু গাছে ঝোলানো। এ ঘটনায় জেনির মা হাসিনা খানম তাপু ও তাঁর বাবা গোলাম হায়দার হেমায়েত মৃধা এবং মা ও ফুফাসহ ছয়জনকে আসামি করে পরদিন বামনা থানায় মামলা করেন। পুলিশ ওই দিনই তাপুর বাবা, মা ও ফুফাকে গ্রেপ্তার করে। কিন্তু গতকাল পর্যন্ত তাপুকে গ্রেপ্তার করতে পারেনি।