পেটের মধ্যে অনুভব করা যায় মাংসপিণ্ডের নড়াচড়া, ছোট ছোট পায়ের লাথি। কিন্তু এতে আনন্দ নেই। বরং মনে হচ্ছে পেটের ভেতর এর অস্তিত্বকে মুছে ফেলা গেলে বাঁচার জন্য কিছুটা হলেও স্বপ্ন বোনা যেত।এ মনোভাব সাভারে ধসে পড়া রানা প্লাজার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক ও শ্রমিকের স্ত্রীর, যাঁরা দুর্ঘটনার আগে বা পরে অন্তঃসত্ত্বা হয়েছেন। আর সন্তান জন্ম দেওয়া মায়েরা দিন পার করছেন আতঙ্কে। যেখানে নিজেরই ভবিষ্যৎ নেই, সেখানে সন্তানের ভবিষ্যৎ তো অনেক দূরের স্বপ্ন।নাছিমা রানা প্লাজার তৃতীয় তলায় নিউ ওয়েভ বটমস লিমিটেডে কাজ করতেন। বেতন পেতেন সাড়ে চার হাজার টাকা। চার বছরের এক ছেলে আছে। ভবনধসে আহত হওয়ার পর স্বামী আরেকটি বিয়ে করেছেন। ঘর ভাড়া বাকি থাকায় বাড়িওয়ালি নাছিমাকে ঘর থেকে বের করে দিয়েছেন। তবে গতকাল সোমবার নাছিমা এর চেয়েও একটি ‘ভয়ংকর দুঃসংবাদ’ পেয়েছেন। জানতে পেরেছেন, তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা।নাছিমার সঙ্গে কথা হলো সাভারের তালবাগে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস্) সহায়তা কেন্দ্রে। রানা প্লাজা ধসে শারীরিকভাবে আহত, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাঁদের পরিবারকে সহায়তা করার উদ্দেশ্যে মে মাস থেকে এ সহায়তা কেন্দ্র কাজ করছে। এ কেন্দ্রের পক্ষ থেকে রানা প্লাজার আশপাশে থাকা অন্তঃসত্ত্বা মায়েদেরও বিশেষ সহায়তা দেওয়া হচ্ছে। সহায়তা পাওয়া ১৭ জনের মধ্যে সন্তান জন্ম দিয়েছেন চারজন। নাছিমা প্রথম আলোকে বলেন, ‘শরীর থেইক্যা প্রচুর রক্ত গেছে, তাই ভাবছি শরীর দুর্বল লাগে। কিন্তু পেটের মধ্যে নড়াচড়া টের পাইয়্যা ডাক্তার দেখাইতে আইছিলাম। শুনলাম এই খবর। আর কয় মাস আগে টের পাইলে এই সন্তান আমি রাখতাম না।’ ক্ষোভে-কষ্টে এই উচ্চারণ নাছিমার।নাজমা রানা প্লাজার অষ্টম তলায় আর তাঁর স্বামী কাজ করতেন তৃতীয় তলায়। সাড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নাজমা বেঁচে গেলেও স্বামীকে বাঁচাতে পারেননি। স্বামী মারা যাওয়ার পর মাত্র ২০ হাজার টাকা পেয়েছিলেন। লাশ গ্রামের বাড়ি নিয়ে দাফন করতেই তা খরচ হয়ে গেছে। নাজমার বাবা মারা গেছেন অনেক আগে। মা আবার বিয়ে করেছিলেন। সৎ দুই ভাই বোনকে নাজমার ঘাড়ে দিয়ে মা-ও নিরুদ্দেশ হয়েছেন দেড় বছর আগে। শ্বশুরবাড়িতেও কেউ নেই দেখার মতো। অপুষ্ট লিকলিকে নাজমার পেটের ভেতরের সন্তান বড় হচ্ছে, তবে পেট দেখে তা বোঝারই উপায় নেই। এই অবস্থায় সন্তানের ওজন বা বেড়ে ওঠা নিয়ে চিন্তা করার সময় নেই নাজমার।বিলস্ সহায়তা কেন্দ্র মাসে ছয় হাজার টাকা এবং মাসে দুই হাজার টাকা প্যাকেজে দুধ, ডিম, নুডলসসহ কিছু খাবার কিনে দিচ্ছে। এই সহায়তা দিয়েই দিন পার হচ্ছে নাজমার। বিলস্ সহায়তা কেন্দ্রের সার্বিক দায়িত্বে থাকা আবদুল মতিন প্রথম আলোকে বলেন, মায়েদের মাসিক খাবার, সন্তান প্রসবে সার্বিকভাবে সহায়তা দেওয়া এবং যেসব মায়ের অবস্থা বেশি খারাপ, তাঁদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। ডিসেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলার কথা। তারপর এই মা ও সন্তানদের কী হবে, তা জানা নেই।