আনন্দের রাতে শোক
চট্টগ্রাম নগরে টানা বৃষ্টিতে পাহাড় ও দেয়ালধসে পাঁচ শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। গত শনিবার গভীর রাতে প্রবল বর্ষণের সময় নগরের বায়েজিদ বোস্তামীর আমিন কলোনি ও লালখান বাজার পোড়া কলোনিতে পৃথক এসব দুর্ঘটনা ঘটে। আমিন কলোনির ঘটনার পর রোববার রাতে বাড়ির মালিক দুই সহোদরকে পুলিশ গ্রেপ্তার করেছে।
ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। পাহাড় ও দেয়ালধসে ছয়জনের মৃত্যুর ঘটনায় নগরের খুলশী ও বায়েজিদ বোস্তামী থানায় পাঁচজনকে আসামি করে দুটি মামলা হয়েছে। ঈদের রাতে এই দুর্ঘটনায় দুটি এলাকার মানুষের মধ্যে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত একটার দিকে প্রবল বর্ষণে আমিন কলোনির ট্যাংকির পাহাড়ধসের ঘটনায় টিউবওয়েল মিস্ত্রি মোহাম্মদ শাহজাহানের তিন শিশুসন্তান মারা যায়। তারা হলো শুভ আহমেদ (১২), সালমা আক্তার (৫) ও দেড় বছরের শিশু বিবি মরিয়ম।
বায়েজিদ বোস্তামী থানার উপপরিদর্শক আবদুল হালিম প্রথম আলোকে বলেন, শনিবার গভীর রাতে প্রবল বর্ষণের সময় ঘরে পাহাড় ধসে পড়ে। এতে মাটিচাপায় শাহজাহানের তিন শিশুসন্তান ঘটনাস্থলেই মারা যায়।
গত রোববার সকালে সরেজমিনে দেখা যায়, ট্যাংকির পাহাড়ধসের মাটি এসে পড়েছে আমিন কলোনির তিনটি টিনের ঘরে। মাঝের ঘরটিতে স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন নোয়াখালীর শাহজাহান। পাহাড়ধসে বিধস্ত হয়েছে দুই পাশের ঘরও। তবে একটিতে কোনো ভাড়াটিয়া ছিল না। অন্য ঘরটিতে থাকতেন মো. নাছির ও তাঁর স্ত্রী আয়েশা। শনিবারের পাহাড়ধসের মাটিচাপায় সামান্য আহত হন তাঁরা দুজনই।
নগরের লালখান বাজার এলাকার পোড়া কলোনিতে দেয়ালধসের ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। তাঁরা হলেন সিএনজিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ শরীফউল্লাহের স্ত্রী মরিয়ম বেগম (৩০) ও দুই বছরের মেয়ে সুরাইয়া আক্তার। এ ছাড়া একই ঘটনায় পোশাকশ্রমিক আকতার হোসেনের মেয়ে আঁখি নূর (৫) নিহত হয়েছে।
মামলা ও গ্রেপ্তার: বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ এলাকায় বাড়ি তৈরি করে ভাড়া দেন মঈনুদ্দিনসহ চার ভাই। তাঁদের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে।
রোববার রাতে মামলার আসামি দুই ভাই সাইফুল ইসলাম ও জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করা হয়। তবে প্রধান আসামি মঈনুদ্দিনসহ আরেকজন পলাতক।
এদিকে লালখান বাজারের পোড়া কলোনিতে দুই শিশুসহ তিনজনের মৃত্যুর ঘটনায় বাড়ির মালিক খোকন মিয়াকে আসামি করে খুলশী থানায় মামলা করেছেন পুলিশের উপপরিদর্শক রাসেল মাহমুদ।
জেলা প্রশাসনের তদন্ত কমিটি ও অনুদান: পাহাড় ও দেয়ালধসে ছয়জনের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটির একমাত্র সদস্য হলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও পাহাড় ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব মোহাম্মদ ইলিয়াছ হোসেন।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন শনিবার গভীর রাতেই দুর্ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যেক নিহতের পরিবারকে জেলা প্রশাসনের তহবিল হতে তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা অনুদান দেন।