আনন্দ-আয়োজনে উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গতকাল ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা বের  করা হয় l  প্রথম আলো
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গতকাল ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা বের করা হয় l প্রথম আলো

র‍্যালি, আলোচনা সভা, বেলুন উড়িয়ে হইচই, মিষ্টিমুখসহ নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল সোমবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা ‘বিশ্ববিদ্যালয় দিবস’ হিসেবে দিনটি উদ্‌যাপন করছে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, দিবস উদ্‌যাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রঙিন সাজে সাজানো হয়। সকাল ১০টার মধ্যে শিক্ষার্থী ছাড়াও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক আর অতিথিদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। বর্ণিল আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। এরপর বেলুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন অতিথিরা।

আলোচনা পর্বে বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক মো. হাবিবুল্লাহর সভাপতিত্বে বক্তব্য দেন উপাচার্য আল নকীব চৌধুরী, উপ-উপাচার্য আনোয়ারুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন সাইফুল ইসলাম, প্রক্টর আওয়াল কবির, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এম আবদুল আলীম, ব্যবসায় অনুষদের ডিন মো. কামরুজ্জামান প্রমুখ।

বক্তব্যে উপাচার্য আল-নকীব চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয় জ্ঞান অর্জনের জায়গা। বিশ্ববিদ্যালয় থেকে সৃষ্টি হয় সমাজনীতি, রাজনীতি, কলা, অর্থনীতি, দর্শন, সাহিত্য, বিজ্ঞান ও প্রকৃত আদর্শ মানুষ। এখানকার ছাত্ররা মেধার পরিচয় দিয়ে বিশ্বে দেশকে তুলে ধরবেন। এই বিশ্ববিদ্যালয় একদিন সারা দেশের কাছে আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে অনুকরণীয় হবে, এটাই প্রত্যাশা।

আলোচনা পর্ব শেষে কেক কেটে মিষ্টিমুখ করেন শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ অতিথিরা। এ ছাড়া দিবসটি স্মরণে একটি গাছ রোপণ করা হয়। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ হয়।

প্রসঙ্গত, ২০০৮ সালের এই দিনে জেলা সদরের রাজাপুর এলাকায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে চারটি অনুষদে ১৮টি বিভাগ চালু রয়েছে। এ ছাড়া বিভিন্ন বিষয়ে উচ্চতর ডিগ্রি প্রদান করা হচ্ছে।