আনন্দ-উচ্ছ্বাসে বাংলা বর্ষবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা নববর্ষ বরণ উপলক্ষে গত বৃহস্পতিবার জেলা প্রশাসন চাঁপাইনবাবগঞ্জে মঙ্গল শোভাযাত্রা বের করে। ছবিটি সকালে শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে থেকে তোলা l প্রথম আলো
বাংলা নববর্ষ বরণ উপলক্ষে গত বৃহস্পতিবার জেলা প্রশাসন চাঁপাইনবাবগঞ্জে মঙ্গল শোভাযাত্রা বের করে। ছবিটি সকালে শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে থেকে তোলা l প্রথম আলো

নাচগান, মেলা, মুড়ি-মুড়কি, ঢাকঢোল, আলোচনা, শোভাযাত্রার মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার বাংলা নতুন বছরের প্রথম দিন পয়লা বৈশাখ উদ্যাপিত হয়েছে। বিভিন্ন স্থান থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ।
নাটোর: জেলার রাজবাড়ি ও লালপুর পাইলট হাইস্কুল মাঠে চার দিনব্যাপী বৈশাখী মেলা শুরু হয়েছে। মেলায় চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও লাঠিখেলাসহ গ্রামীণ নানা খেলাধুলা। জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সকাল থেকে পুরানো রাজবাড়িতে চার দিনব্যাপী এ অনুষ্ঠান শুরু হয়। মেলায় গতকাল কয়েক হাজার মানুষকে বিনা মূল্যে মুড়ি-মুড়কি ও বিশুদ্ধ পানি পান করান প্রথম আলোর নাটোর বন্ধুসভার সদস্যরা। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ শফিকুল ইসলাম, জেলা প্রশাসক খলিলুর রহমান, পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জি, প্রশাসক সাজেদুর রহমান খান প্রমুখ। এদিকে লালপুর পাইলট হাইস্কুল মাঠে মেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আবুল কালাম আজাদ।
নওগাঁ: জেলা প্রশাসন, শিল্পকলা একাডেমি, শিশু একাডেমীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন গতকাল সকাল থেকে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করে। সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের আয়োজনে সুরের মূর্ছনায় নতুন বছরকে স্বাগত জানানো হয়। সকাল সাড়ে আটটায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক আমিনুর রহমানের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। পরে আলোচনা সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মোজাম্মেল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মাজেদা ইয়াসমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আ ত ম আবদুল্লাহ হেল বাকী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হারুন অল রশিদ প্রমুখ। এ ছাড়া জেলা শিশু একাডেমী পুরাতন কালেক্টরেট চত্বর ভবন শিশু একাডেমী কার্যালয়ের সামনে শিশু আনন্দ মেলার আয়োজন করা হয়।
দুপচাঁচিয়া (বগুড়া): সকালে বাদ্যবাজনা আর রংবেরঙের প্ল্যাকার্ড নিয়ে শোভাযাত্রা উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রশাসন চত্বরে আলোচনা সভা, পান্তাভাত উৎসব ও লাঠিখেলার আয়োজন করা হয়েছে। ইউএনও শাহেদ পারভেজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন স্থানীয় সাংসদ নূরুল ইসলাম তালুকদার, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সখিনা বেগম, আওয়ামী লীগের নেতা ফজলুল হক, জাপা নেতা তছলিম উদ্দিন প্রমুখ।
শেরপুর (বগুড়া): উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে পান্তাভাত খাওয়া, লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ র্যা ফল ড্র হয়। স্থানীয় কলতান সংগীত বিদ্যালয়ে বসে স্থানীয় শিল্পীদের সংগীত আসর।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ): সকালে উপজেলা পরিষদ চত্বরে বৈশাখী অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউএনও ইকবাল আখতার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গাজী রেজাউল করিম তালুকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়নুল হক, ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম ও শিউলি ইয়াসমিন প্রমুখ। পান্তাভাতের সঙ্গে নানা ধরনের ভর্তা, কাঁচা মরিচ ও পেঁয়াজ দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়। উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। দুপুর ১২টার দিকে উপজেলার ধানগড়া মডেল উচ্চবিদ্যালয় মাঠে ১০ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সাংসদ গাজী ম ম আমজাদ হোসেন। মেলা আয়োজক কমিটির সভাপতি ও রায়গঞ্জ পৌরসভার মেয়র আবদুল্লাহ আল পাঠানের সভাপতিত্বে বক্তব্য দেন ইকবাল আখতার, মোতাহার হোসেন, আবদুল হাদী আলমাজী প্রমুখ।