আনন্দ-উল্লাসে ২৫ বছরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

রঙিন বেলুন, ব্যানার, লোগো আর সাজসজ্জায় বিশ্ববিদ্যালয়টি সেজেছে উৎসবের রঙে। সারা দিন এর প্রাঙ্গণে ছিল শিক্ষার্থীদের উচ্ছ্বাস আর উল্লাস। হই–হুল্লোড়, কেক কাটা সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা আর লেজার শো—এত সব উৎসবের পালায় গতকাল সোমবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসইউ) ২৫ বছর পূর্তি উদ্যাপন শুরু হলো।
রাজধানীর বসুন্ধরায় বিশ্ববিদ্যালয়টির প্রাঙ্গণে বেলা তিনটায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী রজতজয়ন্তী উদ্যাপনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এরপর রজতজয়ন্তী উপলক্ষে করা লোগো উন্মুক্ত করা হয়। উৎসব মঞ্চে বাপ্পা মজুমদার ও বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী রজতজয়ন্তী উপলক্ষে করা থিম সং পরিবেশন করেন। শুরু হয় শিক্ষার্থীদের আনন্দ-উল্লাসের পালা। আরও একবার সবাই মুগ্ধ হয় বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনের চারটি নৃত্যদলের নৃত্য পরিবেশনায়। বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যরা, শিক্ষক-শিক্ষার্থীরা মিলে আকাশে রঙিন বেলুন ওড়ান। বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের ক্যারাতের সঙ্গে নাচ এক ব্যতিক্রমী পরিবেশনায় অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হয়। তারপর বিরতি। দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে এনএসইউয়ের যাত্রা শুরু ১৯৯২ সালে। তিনটি বিভাগ ও ১৩৭ জন শিক্ষার্থী ছিল সে সময়। নানা অর্জনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়টিতে সম্প্রতি লেগেছিল ‘জঙ্গিবাদের’ তকমা। তবে সে শঙ্কা কাটিয়ে উঠেছেন শিক্ষার্থীরা। বর্তমানে ২২ হাজারের বেশি শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে পড়ছেন।
অনুষ্ঠানের বিরতিতে কথা হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে। তাঁরা বলেন, এনএসইউ তাঁদের কাছে পরিবারের মতো। পড়ালেখার পাশাপাশি তাঁরা এখানে সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে যুক্ত রয়েছেন। জঙ্গিবাদ নিয়ে যে দোষ তাঁদের দেওয়া হতো, তাতে তাঁরা কিছুটা ভয় ও হতাশায় ছিলেন। তবে তাঁরা সব শঙ্কা কাটিয়ে উঠেছেন। অনেকে ক্লাস না থাকলেও বিশ্ববিদ্যালয়ে এসেছেন। বিবিএ বিভাগের শেষ সেমিস্টারের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বললেন, ‘ভালো-খারাপ তো সবখানেই আছে। আমরা ভয় পাই না। যে এই বিশ্ববিদ্যালয়কে ভালোবাসে, সে কখনো জঙ্গিবাদে জড়াতে পারে না।’
বিরতির পর বিশ্ববিদ্যালয় মিলনায়তনে বিকেলের পর্ব শুরু হয়। সেখানে বড় পর্দায় বিশ্ববিদ্যালয়ের ওপর একটি প্রামাণ্য চলচ্চিত্র দেখানো হয়। তারপর শুরু হয় আলোচনা। আলোচনায় প্রধান অতিথির বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেন, বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে হলে গবেষণায় আর জ্ঞান তৈরিতে আরও জোর দিতে হবে। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নতুন জ্ঞান সৃষ্টির আহ্বান জানান। আলোচনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম, সহ-উপাচার্য অধ্যাপক গিয়াস উদ্দিন আহসানসহ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যরা বক্তব্য দেন।