আনন্দ-উৎসবে মুখর দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে গতকাল অনুষ্ঠিত এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের চূড়ান্ত প্রতিযোগিতায় অতিথিদের সঙ্গে বিজয়ীরা l ছবি: প্রথম আলো
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে গতকাল অনুষ্ঠিত এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের চূড়ান্ত প্রতিযোগিতায় অতিথিদের সঙ্গে বিজয়ীরা l ছবি: প্রথম আলো

মূল বিষয়টি প্রতিযোগিতা। তবে তা ছাপিয়ে পুরো আয়োজন হয়ে উঠেছিল জমজমাট উৎসব। গান থেকে আবৃত্তি, জাদুর চমক থেকে দারুণ সব কৌতুকে দম ফাটানো হাসির দমক—ছিল সবই। গতকাল শুক্রবার দশম এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের চূড়ান্ত পর্বের প্রতিযোগিতার দিনটি ছিল আনন্দ-উল্লাসে মুখর।
রাজধানীর বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রতিযোগের সূচনা হয়েছিল সকাল নয়টায়। এ স্কুলের শিক্ষার্থীদের পরিবেশিত জাতীয় সংগীতের সঙ্গে অধ্যক্ষ মঞ্জু আরা বেগম জাতীয় পতাকা এবং ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন।
অধ্যাপক আনিসুজ্জামান শিক্ষার্থীদের বলেন, ভাষার রহস্যের শেষ নেই। ভাষার সেই রহস্য ভালো করে জানার মধ্য দিয়ে মাতৃভাষার প্রতি গভীর ভালোবাসা সৃষ্টির লক্ষ্যেই এ আয়োজন। তিনি শিক্ষার্থীদের শুদ্ধ করে বাংলা ভাষা শেখা ও চর্চার আহ্বান জানান।
মঞ্জু আরা বেগম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা শুদ্ধ করে মাতৃভাষা শিখবে, দেশকে ভালোবাসবে, দুর্যোগে-দুঃসময়ে মানুষের পাশে এসে দাঁড়াবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক মাহবুবুল হক, মহাম্মদ দানীউল হক, ভীষ্মদেব চৌধুরী, সৌমিত্র শেখর, সহযোগী অধ্যাপক গুলশান আরা, সহকারী অধ্যাপক তারেক রেজা ও তারিক মনজুর৷ সঞ্চালনা করেন প্রথম আলোর উপ-ফিচার সম্পাদক জাহীদ রেজা নূর। সংক্ষিপ্ত আলোচনার পর রঙিন বেলুনগুচ্ছ উড়িয়ে ভাষা প্রতিযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

পুরস্কার বিতরণী পর্বে এইচএসবিসি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এন্ড্রু টিলক বক্তব্য দেন l প্রথম আলো
পুরস্কার বিতরণী পর্বে এইচএসবিসি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এন্ড্রু টিলক বক্তব্য দেন l প্রথম আলো

উদ্বোধনী পর্বের পরে লাল টি-শার্ট গায়ে প্রতিযোগীরা ছুট দেয় শ্রেণিকক্ষে মূল প্রতিযোগিতার পরীক্ষায় অংশ নিতে। এবার ১০ বছর পূর্তি হলো ভাষা প্রতিযোগের। বরাবরের মতোই সারা দেশে ১২টি অঞ্চলে অনুষ্ঠিত আঞ্চলিক প্রতিযোগিতায় বিজয়ী ৭২০ জন অংশ নেয় এ চূড়ান্ত পর্বে। গত ১০ বছরে ভাষা প্রতিযোগে দেড় লক্ষাধিক প্রতিযোগী অংশ নিয়েছে। এই এক দশকে তরুণ প্রজন্মকে শুদ্ধ করে মাতৃভাষা চর্চায় আগ্রহী করে তুলতে দেশের প্রধান আয়োজন হিসেবে পরিণত হয়েছে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ। এবারের প্রতিযোগিতায় সারা দেশে সেরাদের সেরা হওয়ার গৌরব অর্জন করেছে বগুড়া জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী অন্তর কুমার সাহা।
পরীক্ষা ছিল ৪৫ মিনিটের। এরপর আনন্দের জোয়ারে ভাসার পালা। সে পর্ব শুরু হয়েছিল স্কুলের বিশাল মিলনায়তনে। প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হকের উপস্থাপনায়। তিনি শিক্ষার্থীদের স্মরণ করিয়ে দিলেন—প্রতিভা থাকলেই হবে না, চর্চার মধ্য দিয়ে তার বিকাশ ঘটাতে হবে। শুরুতেই শিল্পী চন্দনা মজুমদার সংগীত পরিবেশন করেন। তাঁর গাওয়া গানের মধ্যে ছিল ‘সোনার পালঙ্কের ঘরে’, ‘বলি মা তোর চরণ ধরে’৷ বিশিষ্ট শিল্পীর পাশাপাশি মঞ্চে এসে গেয়েছে বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রতিযোগীরাও। এর ফাঁকে ফাঁকে ছিল ভাষা নিয়ে সংক্ষিপ্ত কথামালা। মাহবুবুল হক বলেন, সাহিত্য, সংস্কৃতি ও দেশের জন্য কাজ করতে হবে। মহাম্মদ দানীউল হক গুরুত্ব দিলেন শুদ্ধ করে মাতৃভাষা শেখার প্রতি। সৌমিত্র শেখর লাল টি-শার্ট গায়ে দিয়ে মিলনায়তন রঙিন করে তোলা শিক্ষার্থীদের বলেন, মিলনায়তনটি যেন গোলাপবাগান। এর ফাঁকে জাদুর চমক দেখিয়ে মাত করে দিলেন চট্টগ্রামের জাদুশিল্পী রাজীব বসাক। গান গেয়ে শোনান চ্যানেল আই সেরাকণ্ঠের স্নিগ্ধ ও মুগ্ধ, বাংলা ভাষার প্রাচীন কাব্য চর্যাপদ থেকে আবৃত্তি করেন জাকেরুল ইসলাম। ইতিমধ্যে দুপুরের খাবারের সময় হয়ে এসেছিল। সে জন্য খানিক বিরতি।
দ্বিতীয় পর্বের সঞ্চালনা করেন প্রথম আলোর প্রকাশনা সমন্বয়ক অরুণ বসু। গান শোনাতে আসেন বাপ্পা মজুমদার। তিনি ‘দিন বাড়ি যায়’, ‘তোমার বাড়ির রঙের মেলায়’ এসব গানে গানে মাতিয়ে তোলেন। তবে শিক্ষার্থীরাও যে গানে কম যায় না সে প্রমাণ তারা আগের পর্বেই দিয়েছিল৷ এ পর্বেও তার ব্যতিক্রম হলো না। রবীন্দ্রনাথ, নজরুল, লালনসাঁই, শাহ আবদুল করিমের গানসহ হরেক রকমের গান গেয়ে শুনিয়েছে তারা। স্কুল, পড়ালেখা এসব নিয়ে মজার মজার কৌতুক পরিবেশন করেন কামরুল হাসান।
এ পর্বে আলোচনায় অংশ নিয়ে আলোকিত মানুষ গড়ার কারিগর অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, গল্পে, কবিতায় তাঁর স্বভাবসুলভ বাচনভঙ্গিতে শিক্ষার্থীদের মাতিয়ে রাখেন। তিনি শিক্ষার্থীদের বলেন, ‘তুমি নিজে যতটুকু দেশকে দিতে পারবে, দেশ ততটুকুই এগোবে। তোমাদের হতে হবে এগিয়ে থাকা মানুষ। সুন্দর কথায়, সুন্দর কাজে তোমরা দেশকে ভরিয়ে তুলবে—এটাই তোমাদের কাছে সবার প্রত্যাশা।’ এইচএসবিসি ব্যাংকের প্রধান নির্বাহী এন্ড্রু টিলক বলেন, গত ১০ বছরে তরুণ শিক্ষার্থীদের শুদ্ধ করে ভাষাচর্চায় উৎসাহী করতে এইচএসবিসি-প্রথম আলোর এ আয়োজন একটি বড় সাফল্য অর্জন করেছে। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ১০ বছর ধরে এ আয়োজনে সহযোগিতা দেওয়ার জন্য এইচএসবিসি ব্যাংক, ভিকারুননিসা নূন স্কুল, প্রতিযোগিতার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষাবিদ, অভিভাবক ও প্রথম আলো বন্ধুসভাসহ সবাইকে ধন্যবাদ জানান।
এ পর্বে আরও বক্তব্য দেন অধ্যাপক মাহবুবুল হক, ভিকারুননিসা নূন স্কুলের জ্যেষ্ঠ শিক্ষক শামসুন আরা সুলতানা, এইচএসবিসির হেড অব কমিউনিকেশন তালুকদার নোমান আনোয়ার ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ। পরে তারিক মনজুরের সঞ্চালনায় শুরু হয় পুরস্কার বিতরণপর্ব। প্রথমেই প্রথম আলো সম্পাদক গত ১০ বছর এ কেন্দ্রটি ব্যবহার করতে দেওয়ায় ভিকারুননিসা স্কুলের শিক্ষক শামসুন আরা সুলতানার হাতে প্রতিযোগের স্মারক তুলে দেন। এরপর ছিল আঞ্চলিক প্রতিযোগের সেরা ব্যবস্থাপনার পুরস্কার। এবার সেরা কেন্দ্র হয়েছে পঞ্চগড়। প্রথম আলোর পঞ্চগড় জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম স্মারক গ্রহণ করেন। এরপর সেই মাহেন্দ্রক্ষণ। বিজয়ীদের নাম ঘোষণার পালা। প্রতিটি বিভাগের বিজয়ীদের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে সবাই করতালিতে অভিনন্দিত করছিল বিজয়ীকে। পুরস্কার ছিল বই। সঙ্গে ক্রেস্ট আর সনদ তো ছিলই। সেসব নিয়ে সবাই মিলে অতিথিদের সঙ্গে ছবি তোলার মধ্য দিয়ে শেষ হয়েছিল এ আনন্দের উৎসব।