আনফিট গাড়ি তুলে দিতে মে থেকে সমন্বিত পদক্ষেপ: যোগাযোগমন্ত্রী

রাস্তায় চলাচলকারী আনফিট গাড়ি তুলে নেওয়ার জন্য মে মাস থেকে সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের আজ শনিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে গোলচত্বরে বিআরটিএ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শন করেন এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চত্বরের বিভিন্ন স্থান ঘুরে দেখেন। এ সময় তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন।
মন্ত্রী দুর্ঘটনা রোধে চত্বরটিতে দুই মাসের মধ্যে সিগন্যাল সিস্টেম চালু, প্রয়োজনে রাম্বল স্ট্রিপ স্থাপন এবং ডিভাইডারগুলো চত্বরের দিকে এগিয়ে নিয়ে আসার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
|পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের মন্ত্রী বলেন, আগামী মে মাস থেকে রাস্তায় চলাচলকারী আনফিট গাড়িগুলো তুলে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতায় সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে। মন্ত্রী দুর্ঘটনা ও যানজটের বিরুদ্ধে অভিযানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ, গণমাধ্যম ও সর্বস্তরের জনগণকে সহযোগিতা করার আহ্বান জানান।
এ সময় সড়ক ও জনপদ বিভাগের ঢাকা জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সাহাবুদ্দিন, ঢাকা উত্তর জোনের ডিসি (ট্রাফিক) মো. শাহ আবদিন হোসেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল বশার ও সিটি করপোরেশনের (উত্তর) প্রতিনিধিসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস