রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম খুনের ঘটনায় ‘আনসার আল ইসলাম বাংলাদেশ-২’ নামের একটি সংগঠনের তিন সদস্যের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। নগরের মতিহার থানার উপপরিদর্শক আব্দুস সালাম বাদী হয়ে গতকাল বুধবার এই মামলা করেন।
আসামিরা হলেন মাদ্রাসাশিক্ষক শরীফুল ইসলাম (২৫) ও স্কুলছাত্র রায়হানুল হক (১৫) এবং আব্দুর রহিম সরকার। শরীফুল ও রায়হানুলকে ২৩ নভেম্বর বগুড়া থেকে আটক করা হয়। রহিম পলাতক।
পুলিশ জানায়, শরীফুল বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঘাঘুরদুয়ার বেসরকারি ক্যাডেট মাদ্রাসার শিক্ষক। রায়হানুল বগুড়া সদরের গোকুল তসলিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। রহিম সরকারের বাড়ি বগুড়া সদরে। তিনি একজন জামায়াত নেতা। তাঁর সম্পর্কে বিস্তারিত আর কিছু জানা সম্ভব হয়নি। শফিউল হত্যার পর ওই দিন রাত আটটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আনসার আল ইসলাম বাংলাদেশ-২’ নামে একটি পেজ খোলা হয়। সেখানে তাঁকে হত্যার দায় স্বীকার করে পোস্ট দেওয়া হয়।
নগরের মতিহার থানার ওসি আলমগীর হোসেন জানান, মামলা করার আগ পর্যন্ত শরীফুল ও রায়হানকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে আবার রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
গত ১৫ নভেম্বর দুপুরে রাজশাহী নগরের চৌদ্দপাই এলাকায় অধ্যাপক শফিউলকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এন্তাজুল হক বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন।
ওই ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব) সদস্যরা আটক করেন ছয়জনকে। র্যা বের হাতে আটক ব্যক্তিরা সংবাদ সম্মেলনে হত্যার দায় স্বীকার করে বক্তব্য দিলেও গত ২৫ নভেম্বর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। পুলিশের দাবি, আসামিরা তাদের কাছে এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে।