আনসার আলীকে মুক্তির নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মামলা না থাকলেও কারাগারে আটক থাকা সুনামগঞ্জের রিকশাচালক আনসার আলীকে মুক্তির আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম আশিকুর রহমান এই আদেশ দেন।

মুক্তির আদেশ-সংক্রান্ত কাগজপত্র গতকালই সুনামগঞ্জের বিচারক হাকিম আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওই আদেশে আনসার আলীর মুক্তির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। মামলা না থাকলেও ভুয়া পরোয়ানায় রিকশাচালক আনসার আলীর গ্রেপ্তার হয়ে কারাগারে আটক থাকা নিয়ে গতকাল প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

আনসার আলীর আইনজীবী প্রাণনাথ গতকাল প্রথম আলোকে বলেন, গত রোববার তিনি আদালতে আনসার আলীর মুক্তির আবেদন করেন। শুনানি শেষে আদালত গতকাল মুক্তির আদেশ দেন। ১ অক্টোবর ভুয়া একটি পরোয়ানায় আনসার আলীকে গ্রেপ্তার করা হয়। ওই দিন থেকে তিনি বিনা অপরাধে সুনামগঞ্জ কারাগারে আটক রয়েছেন।

ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের নাজির মাহবুবুল আলম জানান, যে মামলায় আনসার আলীকে গ্রেপ্তার করা হয়, আদালতে নালিশি মামলা দায়ের-সংক্রান্ত নিবন্ধন খাতায় ওই মামলায় এই আসামির নাম নেই। বিষয়টি নিশ্চিত হওয়ার পর আদালত তাঁকে মুক্তির নির্দেশ দেন। আদালতের নির্দেশ গতকালই সুনামগঞ্জ আদালত ও কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের নালিশি মামলা-সংক্রান্ত নিবন্ধন খাতায় দেখা যায়, ১৫৫/২০১২ নম্বরে একটি নালিশি মামলা রয়েছে। তবে ওই মামলার আসামির তালিকায় আনসার আলীর নাম নেই। আদালতের নাম, ভুয়া সিল ও স্বাক্ষর ব্যবহার করে জাল পরোয়ানা তৈরি করা হয়েছে।