আনসার ও ভিডিপির ১১৪টি পরিবারে গরু বিতরণ
গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায় ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের আওতায় গত শনিবার ১১৪টি আনসার ও ভিডিপি পরিবারের মধ্যে একটি করে গরু ও দুটি করে গাছের চারা বিতরণ করা হয়েছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী বীর বিক্রম, এনডিসি, পিএসসি কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন। কোটালীপাড়া বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন প্রশিক্ষণ কমপ্লেক্স প্রাঙ্গণে ৭৮টি ও টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স চত্বরে ৩৬টি পরিবারের মধ্যে এগুলো বিতরণ করা হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপমহাপরিচালক (প্রশাসন) কর্নেল মোহাম্মদ হামিদুল হক পিএসসি ও ঢাকা রেঞ্জের পরিচালক মো. ফিরোজ খান। এতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। এ ছাড়া মহাপরিচালক প্রকল্পের আওতায় আনসার ও ভিডিপি গৃহীত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। অনুষ্ঠানে মহাপরিচালক আশাবাদ ব্যক্ত করেন, প্রত্যেক কমান্ডার, দলনেতা ও সদস্য এ প্রকল্পের মাধ্যমে স্বনির্ভরতা অর্জন করে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনে সক্ষম হবেন। বিজ্ঞপ্তি।