ঘুষ নেওয়ার অভিযোগ তুলে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন আনসার ভিডিপির সদস্যরা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে তাঁরা এই কর্মসূচি পালন করেন।
আন্দোলনকারী আনসার ভিডিপি সদস্যরা অভিযোগ করেন , গত ৭ মে উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পাইয়ে দেওয়ার কথা বলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রুবেদা বেগম ৭৬৫ জন আনসার সদস্যের কাছ থেকে প্রায় এক লাখ ১১ হাজার টাকা ঘুষ নেন। তাঁরা জানান, তাঁরা ওই ঘুষের টাকা ফেরত এবং ওই কর্মকর্তার অপসারণের দাবিতে গতকাল উপজেলা পরিষদ চত্বরে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন করেছেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন উপজেলা আনসার ভিডিপির কমান্ডার বদিউজ্জামান, বকশীগঞ্জ সদর ইউনিয়নের আনসার ভিডিপির সদস্য হারুনূর রশিদ, আবদুল হামিদ, হাকিম মিয়া প্রমুখ।
উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রুবেদা বেগম সদস্যদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কেউ মানববন্ধন করলে আমার কিছু করার নাই।’