আনসার কর্মকর্তাসহ নিহত ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় আনসার বাহিনীর একজন কোম্পানি কমান্ডার নিহত হয়েছেন। বিভিন্নস্থানে গত তিন দিনে সড়ক দুর্ঘটনায় আরও ১০ জন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর;বান্দরবান: বান্দরবান-রুমা সড়কের মুরং বাজার এলাকায় গতকাল একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যায়। এতে ওই গাড়ির যাত্রী রুমার ৬ নম্বর আনসার ব্যাটালিয়নের কোম্পানি অধিনায়ক (কমান্ডার) আবদুর রহিম (৩৩) নিহত হন। নিহতের বাড়ি নাটোরের ডাঙ্গাপাড়া গ্রামে। এ সময় আরও নয়জন আনসার সদস্য আহত হয়েছেন। এঁদের মধ্যে মো. ইজ্জত আলী, মনসুর, মাজহারুল ইসলাম, নাজিম উদ্দিন, মঞ্জরুল ইসলাম ও আবদুল হান্নানকে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। আবদুর রহিমের লাশ বান্দরবান সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে তাঁর গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।রংপুর: মিঠাপুকুর উপজেলার বলদিপুকুর এলাকায় গতকাল একটি যাত্রীবাহী বাস একটি ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানচালক উপজেলার মোমিনপুর গ্রামের শাহেদ আলী (৩০), যাত্রী একই এলাকার এইচএসসি পরীক্ষার্থী জয়মালা (১৯) ও অজ্ঞাতনামা এক পুরুষ নিহত হন।পাবনা: পাবনা-ঢাকা মহাসড়কের আহম্মদপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার একটি যাত্রীবাহী বাসের সঙ্গে শ্যালো ইঞ্জিনচালিত একটি নসিমনের মুখোমুখি সংঘর্ষে নসিমনের চালক সাঁথিয়া উপজেলার হুইখালী গ্রামের মো. সাঈদ হোসেন (৩৫) ও যাত্রী মুনিরা পারভীন (২৫) নিহত হন।সিরাজগঞ্জ: উল্লাপাড়া-গয়হাট্টা সড়কের দাদপুর এলাকায় একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বুধবার একটি ঘরের মধ্যে ঢুকে পড়ে। এ সময় ওই ঘরে ঘুমিয়ে থাকা শান্ত (৪) নামের এক শিশু নসিমনের চাপায় নিহত হয়।ডুমুরিয়া (খুলনা): ডুমুরিয়া উপজেলার কৈয়া-টিয়াবুনিয়া সড়কের টিয়াবুনিয়া এনএইচবি ইটভাটার কাছে বুধবার একটি ট্রলির চাপায় মোস্তাকিন খান (১২) নামের এক শিশু নিহত হয়েছে।পরশুরাম (ফেনী): ফেনী-পরশুরাম সড়কের চিথলিয়া এলাকায় বুধবার গাড়ির চাপায় সলিয়া ফাতেমাতুজ জোহরা মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র রাকিবুল হাসান নিহত হয়েছে।শেরপুর (বগুড়া): ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর সদরের হাজীপুর এলাকায় মঙ্গলবার সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় ট্রাফিক পুলিশের কনস্টেবল মোস্তানুর রহমান (৫৬) নিহত হন। তাঁর বাড়ি গোসাইবাড়ী এলাকায়।মাদারীপুর: ফরিদপুর-বরিশাল মহাসড়কের রাজৈর এলাকায় গতকাল বৃহস্পতিবার মাইক্রোবাসের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক বদরপাশা এলাকার জাকির হোসেনের ছেলে আল আমিন (১৭) নিহত হন।