আনসার ক্যাম্প থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা তুমব্রুতে আজ মঙ্গলবার র্যাব সদস্যরা অভিযান চালিয়েছে। এতে টেকনাফের নয়াপাড়া আনসার ক্যাম্প থেকে লুট হওয়া পাঁচটি রাইফেলসহ ১০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তুমব্রু পাহাড়ের পুরানপাড়া জঙ্গলের দুটি আস্তানা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
অস্ত্রের মধ্যে আছে একটি এসএমজি, দুটি রাইফেল, দুটি এম-টু রাইফেল, পাঁচটি দেশীয় বন্দুক। এ সময় ১৮৯টি রাইফেলের গুলি ও ২৬টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, আনসার ও ভিডিপির মহাপরিচালক মিজানুর রহমান খান, চট্টগ্রাম র্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিনসহ দুই বাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বেলা দেড়টার দিকে তুমব্রু এলাকার জঙ্গলে প্রেস ব্রিফিংয়ে বেনজির আহমেদ বলেন, উদ্ধার করা অস্ত্রের মধ্যে পাঁচটি ভারী অস্ত্র গত বছর টেকনাফের আনসার ক্যাম্প থেকে লুট হয়েছিল। ওই সময় ১১টি অস্ত্র লুট হয়েছিল। বাকি অস্ত্রগুলোর সন্ধানে আরও দুদিন অভিযান চালাবে র্যাব।
র্যাব ও পুলিশ সূত্র জানায়, গত সোমবার রাত ১০টার দিকে র্যাব সদস্যরা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবির এলাকা থেকে একটি পিস্তল ও একটি ওয়ান শুটারগানসহ খাইরুল আমিন ও আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেন। তাঁরা আনসার ক্যাম্পে হামলা ও ১১টি অস্ত্র লুটের ঘটনায় দায়ের করা মামলার আসামি। মঙ্গলবার সকালে তাঁদের নিয়ে তুমব্রু এলাকার পুরানপাড়ার তল্লাশি চালায়। এ সময় মাটির নিচ থেকে অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়।