আনসার প্রত্যাহার আজ থেকে শুরু
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধ ও হরতালের সময় নাশকতা রোধে সারা দেশে মোতায়েন করা আনসার ও ভিডিপির সদস্যদের প্রত্যাহারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এমন বিবেচনায় মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।
তবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে যথারীতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে।
আজ শুক্রবার ভোর থেকে সড়ক ও রেলপথ থেকে এ আনসার প্রত্যাহার শুরু হবে। তবে জরুরি প্রয়োজনে বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে যাতে দ্রুত তাদের মোতায়েন করা যায়, সে জন্য জেলা কমান্ডারদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।
জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আাসাদুজ্জামান খান কামাল গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো। কোনো ধরনের ঝামেলা নেই। নির্বাচনও শেষ। সব মিলি য়ে আমরা সারা দেশ থেকে আনসার প্রত্যাহারের নির্দেশ দিয়েছি। শুক্রবার (আজ) থেকে শুরু করে পর্যায়ক্রমে সব স্থানের আনসার প্রত্যাহার করা হবে। এ ছাড়া বিজিবিকেও ব্যারাকে ফিরে যেতে বলা হবে। পরিস্থিতির অবনতি হলে আবার প্রয়োজনে তাদের মোতায়েন করা হবে।’
৫ জানুয়ারির ‘একতরফা’ সংসদ নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে দেশে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ৬ জানুয়ারি থেকে টানা অবরোধের ডাক দেয় ২০-দলীয় জোট। সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতা রোধে সড়ক ও রেলপথে আনসার ও বিজিবি মোতায়েন করা হয়। বিভিন্ন জেলায় রেলপথ এবং সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ও নিরাপদ রাখতে গত ১২ জানুয়ারি আনসার ও ভিডিপির সদস্য মোতায়েন করা হয়। রেলপথ পাহারায় ১ হাজার ৪১টি পয়েন্টে আনসার ও ভিডিপির মোট ৮ হাজার ৩২৮ জন এবং সড়ক-মহাসড়কের ৯৯৩ ঝুঁকিপূর্ণ স্থানে ১১ হাজার ৯১৬ জন সদস্য মোতায়েন করা হয়েছিল।
জানতে চাইলে চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক আনিছুর রহমান মিয়া বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন আর কোনো নাশকতার ঘটনা নেই। এখন আনসার প্রত্যাহার করলে কোনো অসুবিধা হবে না।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক (অপারেশন) দিলীপ কুমার বিশ্বাস বলেন, আজ শুক্রবার ভোর থেকেই প্রত্যাহার কার্যক্রম শুরু হবে। তবে জেলা কমান্ডারদের সব সময় প্রস্তুত থাকতে বলা হয়েছে।
যদিও ২০-দলীয় জোটের অবরোধ কর্মসূচি এখনো আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা না হলেও তা সচল নেই। তবু ঝুঁকি রয়েছে বলে জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
গত চার মাসের সহিংস ঘটনা, সরকারি কার্যালয়, মন্ত্রী, কর্মকর্তা-কর্মচারীদের ওপর ও তাঁদের বাড়িতে চোরাগোপ্তা হামলাসহ বাসে অগ্নিসংযোগ ও বোমা নিক্ষেপের ঘটনা ঘটে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ৫ জানুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত সারা দেশে নাশকতার অভিযোগে ১ হাজার ৭৭৫টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ১২০টি মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে। আসামির তালিকায় রয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতাসহ মাঠ পর্যায়ের কয়েক হাজার কর্মী। এসব ঘটনায় নিহত হয়েছেন দেড় শতাধিক মানুষ।
সারা দেশে রেললাইনে নাশকতা ও ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয় ৩৩টি। মামলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর স্থানীয় কয়েক শ নেতা-কর্মীকে আসামি করা হয়।