আনসার বাহিনীর ওপর হামলা গ্রামবাসীর বিরুদ্ধে দুটি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। দুটি মামলার একটির বাদী হয়েছেন পার্বতীপুর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু সাঈদ ও অন্যটির বাদী কয়লাখনির সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) মাসুদুর রহমান। গত বৃহস্পতিবার রাতে নাম উল্লেখ না করে গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দুটি করা হয়। পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী মামলার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্র জানায়, গত বুধবার সন্ধ্যায় প্রায় দেড় শ আনসার বাহিনীর সদস্য ভূমি অধিগ্রহণ এলাকায় ক্যাম্প স্থাপন করতে গেলে গ্রামবাসী তাঁদের ওপর হামলা চালায়। এ সময় পাঁচজন আনসার সদস্যসহ আট ব্যক্তি আহত হন। পরে তাঁরা বড়পুকুরিয়া বাজারের উত্তর ধারে নির্ধারিত আনসার ক্যাম্পটি (গ্রামীণ ব্যাংক ভবন) ভাঙচুর করে। এ ছাড়া দুটি আধা পাকা ভবনের দরজা-জানালা ভাঙচুর ও প্রায় ১৫টি গাছ কেটে নিয়ে যায়।পুলিশ জানায়, সরকারিকাজে বাধাদান ও আনসার সদস্যদের মারধরের অপরাধে একটি এবং আনসার ক্যাম্প ভাঙচুর ও গাছ কাটার অপরাধে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর বিরুদ্ধে অন্য মামলাটি করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রামবাসী প্রথম আলোকে বলেন, অন্যায়ভাবে গ্রামবাসীদের নামে মামলা দিয়ে হয়রানি করা হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। এলাকায় আনসার ক্যাম্প স্থাপন করে এলাকাবাসীকে উচ্ছেদের চক্রান্ত চলছে। পুরো টাকা না পাওয়া পর্যন্ত তারা এলাকায় কোনো ক্যাম্প করতে দেবে না। ৩১৮ জন ভূমিহীন পরিবারের মধ্যে মাত্র ১৫৬ জনকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।থানার ওসি শওকত আলী বলেন, মামলা দুটির তদন্তকাজ চলছে। তদন্ত শেষে প্রকৃত আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুজিব-উল-ফেরদৌস বলেন, ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর সমস্যাগুলো প্রশাসন পর্যায়ক্রমে সুরাহা করছে। কিন্ত গ্রামবাসীর আকস্মিক হামলা সমর্থনযোগ্য নয়। মারধর ও ভাঙচুর ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি হওয়া দরকার।