আনসার-ভিডিপি কমান্ডারের অপসারণের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় জেলা আনসার-ভিডিপি কমান্ডারের (অ্যাডজুট্যান্ট) ঘুষ নেওয়া, কর্মীদের মারধর ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিচার এবং তাঁকে চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) একদল সদস্য।
গতকাল সোমবার ভোলা বাসস্ট্যান্ডে আনসার ভিডিপির জেলা কার্যালয়ের সামনে ওই কর্মসূচি পালিত হয়। আধা ঘণ্টার ওই মানববন্ধন শেষে সবার পক্ষ থেকে মনিরুল ইসলাম নামে আনসার বাহিনীর একজন সদস্য লিখিত অভিযোগ জেলা প্রশাসক বরাবর জমা দেন।
অভিযোগপত্রে উল্লেখ আছে, জেলা আনসার-ভিডিপির কমান্ডার জানে আলম প্রশিক্ষণ ও অস্থায়ী ভিত্তিতে চাকরি দেওয়ার কথা বলে জনপ্রতি ৪০-৫০ হাজার টাকা ঘুষ নিচ্ছেন। তিনি আনসার-ভিডিপির সদস্যদের সঙ্গে অসদাচরণ করেন। তাই তাঁরা ওই কমান্ডারের অপসারণ দাবি করছেন।
বিষয়টিকে ষড়যন্ত্র উল্লেখ করে জেলা আনসার-ভিডিপির কমান্ডার (অ্যাডজুট্যান্ট) জানে আলম বলেন, ‘মনিরুল ইসলাম আনসার বাহিনীর সদস্যদের মধ্যে প্রভাবশালী। সম্প্রতি তিনি আনসারের ট্রেনিং দেওয়ার নাম করে কয়েক জনের কাছ থেকে টাকা নিয়েছেন বলে শুনেছি। ওপর থেকে ট্রেনিং প্রক্রিয়া বন্ধ হওয়ায় মনিরুল ইসলাম আনসার-ভিডিপির কমান্ডারের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছেন।’
এ বিষয়ে জেলা প্রশাসক সেলিম রেজা বলেন, তিনি এখনো লিখিত অভিযোগ পাননি।