চট্টগ্রাম নগরের অলংকার মোড়ের একটি আবাসিক হোটেলে এক মহিলাকে হত্যার সঙ্গে জড়িত অভিযোগে আনসার বাহিনীর এক সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার রাতে পাহাড়তলী থানার পুলিশ কক্সবাজারের উখিয়া থানার কুতুবপালং শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে মো. জিয়াউর রহমান (৪৫) নামের ওই আনসার সদস্যকে গ্রেপ্তার করে। তাঁকে গ্রেপ্তারের পর নিহত ওই মহিলার পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম নূরজাহান (২৫)। তিনি রোহিঙ্গা শরণার্থী। পুলিশ সূত্র জানায়, গত ২৬ মার্চ ভোরে অলংকার মোড়ের নিউ সিটি বোর্ডিং থেকে নূরজাহানের লাশ উদ্ধার করা হয়। ডবলমুরিং জোনের সহকারী কমিশনার এস এম তানভীর আরাফাত প্রথম আলোকে বলেন, ‘জিয়া গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত আমরা নিহত ওই মহিলার পরিচয় জানতাম না। এ কারণে ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে লাশ দাফন করানোর ব্যবস্থা করি।’আনসার সদস্য জিয়া গতকাল বুধবার পাহাড়তলী থানায় প্রথম আলোকে বলেন, ‘নূরজাহান দুই সন্তানের জননী। তার স্বামী ডাকাতি মামলায় কারাগারে আছেন। তার সঙ্গে আমার পরিচয় বেশ কিছুদিনের। সে আমাকে কিছুদিন ধরে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। এ জন্য সে দেড় ভরি গয়না ও ১০ হাজার টাকা দামের একটি শাড়ির বায়না ধরে। আমার ছেলের চাকরির জন্য জোগাড় করা টাকা থেকে গয়না ও শাড়ি দিতে রাজি হই। ২৫ মার্চ বিকেলে আমি তাঁকে নিয়ে পাহাড়তলী নিউ সিটি বোর্ডিংয়ে উঠি।’জিয়া আরও বলেন, ‘২৫ মার্চ রাতে আমি বোর্ডিংয়ের নিচে ফুটপাত থেকে ৩০ টাকা দিয়ে একটি তরমুজ কিনি। তরমুজটি পানসে হওয়ায় নূরজাহান আমার মায়ের নাম ধরে গালাগাল করে। এরপরই আমি তাঁকে হত্যার সিদ্ধান্ত নিই। এ জন্য ফেরিওয়ালার কাছ থেকে ৬০ টাকা দিয়ে একটি ছোরা কিনি। ২৬ মার্চ ভোরে ওই ছোরা দিয়ে তাকে জবাই করে আমি বোর্ডিং ছেড়ে রাজশাহীর উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করি।’ জিয়া আরও বলেন, ‘গত বছর রমজানের সময় একটি পুরোনো মোবাইল ফোনসেট কেনার মাধ্যমে নূরজাহানের সঙ্গে পরিচয় হয়। এরপর আমার সঙ্গে নূরজাহানের নিয়মিত যোগাযোগ হতো। এভাবে তাঁর সঙ্গে আমার সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে ওঠে।’ মামলার তদন্ত কর্মকর্তা পাহাড়তলী থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বলেন, ‘জিয়ার মোবাইল ফোন কলের সূত্র ধরে আমরা হত্যাকাণ্ডের এক দিনের মধ্যে তাঁকে শনাক্ত করি। তিনি এক মাসের ছুটিতে রাজশাহী যাওয়ায় তাঁকে গ্রেপ্তার করতে প্রায় ছয় সপ্তাহ লেগে যায়। ২৫ এপ্রিল তিনি কুতুবপালং শরণার্থী শিবিরে কর্মস্থলে যোগ দেন।’