চট্টগ্রাম নগরের আবাসিক হোটেলে রোহিঙ্গা নারীকে হত্যার কথা স্বীকার করে গতকাল বৃহস্পতিবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন আনসার সদস্য মো. জিয়াউর রহমান (৪৫)। চট্টগ্রাম মহানগর হাকিম ওসমান গনি এই জবানবন্দি লিপিবদ্ধ করেন। আদালত সূত্র জানায়, জিয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করতে দুই পৃষ্ঠা লেগেছে। জবানবন্দিতে তিনি নুরজাহান (২৫) নামের ওই রোহিঙ্গা নারীকে কক্সবাজারের উখিয়া থেকে চট্টগ্রামে আনার এবং পরবর্তীকালে আবাসিক হোটেলে কী ঘটেছিল তার বিস্তারিত বর্ণনা দেন। সূত্র জানায়, আনসার সদস্য জিয়া বিয়ের কথা বলে নুরজাহানকে নিয়ে ২৫ মার্চ চট্টগ্রাম নগরে আসেন। তিনি তাঁকে নিয়ে ওই দিন বিকেলে নগরের পাহাড়তলী থানাধীন অলংকার মোড়ের আবাসিক হোটেল নিউ সিটি বোর্ডিংয়ে ওঠেন। তরমুজ খাওয়া নিয়ে কলহের জের ধরে তিনি ভোরে নুরজাহানকে হত্যা করেন। গতকাল স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও তিনি এ কথা বলেছেন। নুরজাহানের পরিচয় প্রথমে না জানায় তাঁকে আঞ্জুমানে মুফিদুল ইসলামের মাধ্যমে চট্টগ্রামে দাফন করা হয়। জিয়া ২৬ মার্চ গ্রামের বাড়ি রাজশাহী চলে যান। এক মাস ছুটি কাটিয়ে ২৫ এপ্রিল তিনি কর্মস্থল উখিয়ার কুতুবপালং শরণার্থী শিবিরে যোগ দেন। গত মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।