আনসার সদস্যদের ওপর চোরাই তেল চক্রের হামলার অভিযোগ
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের মেঘনা পেট্রোলিয়াম ডিপোর নিরাপত্তায় নিয়োজিত আনসার বাহিনীর ওপর গত বৃহস্পতিবার চোরাই তেল চক্রের সদস্যরা হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় পাঁচজন আনসার সদস্য আহত হন। আহত আনসার সদস্যদের শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আনসারের পক্ষ থেকে গতকাল শুক্রবার সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।আনসার সদস্যদের অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের এসও রোডে মেঘনা পেট্রোলিয়াম ডিপোতে আট বছরের একটি ছেলে ঢুকতে চায়। তেল চোর সন্দেহে কর্তব্যরত আনসার সদস্যরা তাকে ডিপোতে ঢুকতে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় চোরাই তেল ব্যবসায়ীরা ১৪-১৫ জন সঙ্গী নিয়ে আনসার সদস্যদের ওপর হামলা চালায় এবং তাঁদের কিল-ঘুষি মারে ও লাঠিপেটা করে।আনসার কমান্ডার আবদুস সোবহান জানান, তেল চোরকে প্রবেশ করতে বাধা দিলে চোরাই তেল ব্যবসায়ীরা আমাদের ওপর হামলা করে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদরুল আলম জানান, হামলার ঘটনায় আনসার কমান্ডার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।